যুক্তরাজ্যকে এখন ইসলামিক প্রজাতন্ত্র বলা যায়: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: এএফপি
আলজাজিরা
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১৯:০৩
‘বর্তমান যুক্তরাজ্যকে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলা যায়’- এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দেশকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যমগুলো কীভাবে খবর প্রকাশ করে, সেটি বোঝাতে গিয়ে তিনি এ কথা বলেন।
নেতানিয়াহু ‘মেলেখ ব্লিটজার হাইম’ নামের একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন। যেটি প্রচার হয় বৃহস্পতিবার। সেখানে তিনি যুক্তরাজ্যকে নিয়ে ওই মন্তব্য করেন।
ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলাপের এক পর্যায়ে ব্রিটিশ লেখক র্যান্ডলফ চার্চিলের প্রসঙ্গ তোলেন নেতানিয়াহু। জানান, ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের সময় চার্চিল ইসরায়েলকে নিয়ে ইতিবাচক প্রতিবেদন করতেন।
এরপর ব্যঙ্গাত্মকভাবে নেতানিয়াহু বলেন, ‘আজকের ব্রিটেনে এমন প্রতিবেদন খুঁজে দেখুন। দেশটিকে আপনি ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলতে পারেন।’
যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। পডকাস্টের পরের আলাপে নেতানিয়াহু ২০২২ সালে করা জেডি ভ্যান্সের একটি মন্তব্যের প্রসঙ্গ তোলেন। বর্তমানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স তখন বলেছিলেন, ‘যুক্তরাজ্য বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্রধারী ইসলামপন্থী দেশ হতে পারে।’
ভ্যান্সের ওই মন্তব্যের প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, ‘কেউ একজন বলেছিলেন, পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র হবে ব্রিটেন। ইরান যাতে এমন আরেকটি দেশ না হয়, আমরা তা নিশ্চিতের চেষ্টা করছি।’
- বিষয় :
- যুক্তরাজ্য
- বেনিয়ামিন নেতানিয়াহু
- ইসরায়েল