কানাডার গাড়ির ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৩:০৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার কানাডার গাড়ির ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি জানান, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কানাডার গাড়ি শিল্পের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। এই শুল্ক থেকে হালকা ও ভারী– কোনো যানই রেহাই পাবে না। পাশাপাশি অটো পার্টস ও স্টিলের ওপরও শুল্ক ধরা হবে।
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে শুল্ক নিয়ে আলোচনা চলছে। গত সপ্তাহে সেটির ফলাফল নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। আর এর মধ্যেই সামনে চলে এলো নতুন এই শুল্কের হুমকির খবর। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আমরা কানাডার সার্বভৌমত্ব নিয়ে সমঝোতা করতে বা আমাদের প্রধান শিল্পগুলোকে গুরুত্ব না দিয়ে থাকতে রাজি নই।’
মধ্যম ও ভারী ট্রাক দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আর এটি নিয়েই বাণিজ্য আলোচনায় সমস্যা তৈরি হয় বলে জানিয়েছে হোয়াইট হাউসের এক সূত্র। পলিটিকোকে দেওয়া তথ্যে ওই সূত্র জানায়, কানাডার আলোচক দল শেষ মুহূর্তে ভারী ট্রাকের বিষয়টিকে সামনে নিয়ে আসে। এতে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়। তবে মার্ক কার্নি এই দাবি প্রত্যাখ্যান করেছেন। কার্নির ভাষ্যে, তারা নন, বরং মার্কিনিরাই আলোচনার শেষ মুহূর্তে ট্রাক-সংক্রান্ত সুর পাল্টেছে।