ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ডুবে যাওয়া প্রতিরোধে অবদান

কিং এডওয়ার্ড সপ্তম কাপ পুরস্কার পেলেন আমিনুর

কিং এডওয়ার্ড সপ্তম কাপ পুরস্কার পেলেন আমিনুর
×

 সমকাল ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৮

| প্রিন্ট সংস্করণ

পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে বৈশ্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর নির্বাহী পরিচালক ও জনস্বাস্থ্য গবেষক ড. আমিনুর রহমানকে কিং এডওয়ার্ড সপ্তম কাপ অ্যাওয়ার্ড ২০২৬ দেওয়া হয়েছে। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি যুক্তরাজ্যের রয়্যাল লাইফ সেভিং সোসাইটি (আরএলএসএস) কমনওয়েলথের এই সর্বোচ্চ সেবামূলক পুরস্কার পেলেন।
গত ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ১৬তম বিশ্ব ইনজুরি প্রতিরোধ ও নিরাপত্তা উন্নয়ন সম্মেলন ‘সেফটি ২০২৬’-এ ড. আমিনুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন আরএলএসএস কমনওয়েলথের ডেপুটি প্রেসিডেন্ট ড. স্টিফেন বিয়ারম্যান।

আরএলএসএস কমনওয়েলথের তথ্য অনুযায়ী, জীবন রক্ষায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৬ সাল থেকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মাত্র ১৫ জন ব্যক্তি এ পুরস্কার পেয়েছেন। পুরস্কারটি প্রথম চালু হয় ১৯০৩ সালে; পরে ১৯৮৫ সালে এটি পুনঃপ্রবর্তন করা হয়।

সিআইপিআরবির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ড. আমিনুর রহমান আরএলএসএস কমনওয়েলথের ড্রাউনিং ডেটা অ্যান্ড ইনফরমেশন বিভাগের পোর্টফোলিও ডিরেক্টর হিসেবে কাজ করছেন। ২০২৫ সালের জুনে বাংলাদেশ সরকারের অনুমোদিত ‘পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে জাতীয় কর্মকৌশল ও কর্মপরিকল্পনা’ প্রণয়নেও তিনি অবদান রাখেন।
ডুবে যাওয়া প্রতিরোধে অবদানের জন্য এর আগে আরএলএসএস কমনওয়েলথের ‘রিসার্চ অনার ২০২৫’ এবং ‘এইচআরএইচ প্রিন্স মাইকেল অব কেন্ট সার্টিফিকেট অব মেরিট ২০২৪’ পুরস্কার পেয়েছেন ড. আমিনুর রহমান।
সিআইপিআরবি জানিয়েছে, কিং এডওয়ার্ড সপ্তম কাপ ড. রহমানের জীবন রক্ষাকারী গবেষণা, নীতি প্রণয়ন ও কমিউনিটিভিত্তিক কার্যক্রমে দীর্ঘদিনের কাজের আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে এই অর্জন ডুবে যাওয়া প্রতিরোধে বাংলাদেশের বৈশ্বিক অবদানের বিষয়টিও তুলে ধরেছে।
 

আরও পড়ুন

×