পার্লামেন্টে বসে অশ্লীল ছবি দেখার সময় ধরা
ছবি -ডেইলি মেইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০ | ২২:১৭ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ | ০৫:৩৬
পার্লামেন্টে তখন চলছিল বাজেট বক্তৃতা। সেটাই শোনার কথা পার্লামেন্ট সদস্যদের। কিন্তু তার বদলে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন এক সদস্য। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে তার সেই ছবি। তাতে দেখা যায়, মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখায় মগ্ন ওই সাংসদ।
ঘটনাটি থাইল্যান্ডের। আর ওই সংসদ সদস্যের নাম রোনাথেপ আনুওয়াত। তবে ওই সংসদ সদস্য দাবি করেন, ছবি দেখে তার কাছে সাহায্য চাওয়া এক নারী সম্পর্কে বিস্তারিত খোঁজ নিচ্ছিলেন তিনি।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাটি কয়েকদিন আগের। থাইল্যান্ডের পার্লামেন্টের প্রেস গ্যালারি থেকে সাংবাদিকরা দেখতে পান, এক মনে নিজের মোবাইল ঘাটছেন ওই সাংসদ। এসময় স্পষ্ট দেখা যায়, তার মোবাইল স্ক্রিনে রয়েছে নারীদের অশ্লীল ছবি। একের পর এক সেসব ছবি দেখছেন সাংসদ। ভাল করে ছবি দেখতে মাঝে মাঝে নিজের মাস্কও সরিয়ে নিচ্ছেন রোনাথেপ আনুওয়াত। এখন তার সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
তবে এসব ছবি নিয়ে হইচই শুরু হতেই নিজেকে নির্দোষ দাবি করেছেন ওই সংসদ সদস্য। তিনি বলেন, ওই নারী তার কাছে সাহায্যের আবেদন করেছেন। তাই ছবি দেখে বোঝার চেষ্টা করছিলেন, তার বিপদ আদৌ কতটা। সাংসদের দাবি, তিনি শুধু সাহায্য চাওয়া নারীর ব্যাকগ্রাউন্ড চেক করেছেন, আর কিছুই নয়।
রোনাথেপ আনুওয়াত আরও বলেন, ওই নারী দাবি করেছেন কিছু দুষ্কৃতকারী জোর করে তার এসব নগ্ন ছবি তুলেছে। সে ছবিগুলোই যাচাই করছিলেন রোনাথেপ।
- বিষয় :
- সংসদ
- থাইল্যান্ড
- অশ্লীল ছবি
