ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দিল্লিতে হোটেলে আগুন

আহত ৮ বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা গুরুতর

আহত ৮ বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা গুরুতর
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরে আবাসিক হোটেলে আগুনের ঘটনায় আহত আট বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। গতকাল বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। তবে আহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে ভারতীয় কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনায় আট বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এই আটজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মালভিয়া নগরের ওই পাঁচতলা হোটেলে আগুন লাগে গত বুধবার সকালে। ওই দিন বিকেলে এক বিবৃতিতে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন পাঁচ বাংলাদেশির আহত হওয়ার তথ্য দিয়েছিল। তারা জানিয়েছিল, আহতদের মধ্যে তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতাল এবং দুজন সফদারজং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদের হতাহত হওয়ার তথ্যও বিবৃতিতে জানিয়েছে হাইকমিশন। তারা বলেছে, অগ্নিকাণ্ডে ভারতীয় ৯ নাগরিক নিহত এবং তিনজন আহত হয়েছেন। এ ছাড়া মোজাম্বিকের দুজন, লাইবেরিয়ার একজন, নাইজেরিয়ার চারজন এবং উজবেকিস্তানের একজন মারা গেছেন।
আহত অন্যদের মধ্যে নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের দুজন করে, লাইবেরিয়ার তিনজন, নাইজেরিয়ার একজন এবং কাজাখস্তানের তিনজন নাগরিক আছেন। 
বিবৃতিতে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে আহত বাংলাদেশিদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছে। বাংলাদেশ হাইকমিশন সার্বক্ষণিকভাবে চিকিৎসাধীন বাংলাদেশিদের শারীরিক অবস্থা তদারকি করছে।
হাইকমিশন বলেছে, চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্যের জন্য আত্মীয়স্বজন ও দর্শনার্থীদের আহত ব্যক্তিদের সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

×