ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের উপকূলে মেডিকেল বিমান নিখোঁজ, ছয় আরোহী নিহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রের উপকূলে মেডিকেল বিমান নিখোঁজ, ছয় আরোহী নিহতের শঙ্কা
×

ছবি: গেটি ইমেজেস

বিবিসি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১১:২৭ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ১১:৪০

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নান্টাকেট দ্বীপের উপকূলে নিখোঁজ হওয়া একটি মেডিকেল পরিবহন বিমানের ছয় আরোহীই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। বিমান পরিচালনাকারী সংস্থা ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স এ তথ্য জানিয়েছে।

বারমুডা থেকে বোস্টন যাওয়ার পথে শনিবার বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড নান্টাকেটের উপকূলে জীবিতদের সন্ধানে তল্লাশি অভিযান শেষ করার ঘোষণা দেয়।

এরপর ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স এক বিবৃতিতে জানায়, বিমানে থাকা তাদের চার কর্মী, একজন রোগী ও রোগীর এক স্বজনকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। সংস্থাটি নিহতদের পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত ১টার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন গালফস্ট্রিম জি-১০০ বিমানটির সঙ্গে যোগাযোগ হারায়। পরে শনিবার সন্ধ্যায় কর্তৃপক্ষ সমুদ্রে বিমানটির ধ্বংসাবশেষের একটি এলাকা শনাক্ত করে এবং সেগুলো নিখোঁজ বিমানটির অংশ বলে নিশ্চিত হয়।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে অবতরণের কথা ছিল। বিমানে চারজন কানাডীয় ও দুজন বারমুডিয়ান নাগরিক ছিলেন।

ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইট অপারেশনস পরিচালক ক্লারেন্স টোগেরেটজ সিবিসি নিউজকে জানান, একজন রোগী ও তার স্বজনকে কানাডায় ফিরিয়ে নিতে দুই পাইলট ও দুই চিকিৎসাকর্মী বারমুডায় গিয়েছিলেন।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বলছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটির উচ্চতা দ্রুত কমে যায়। প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে সেটি নেমে আসে ১১ হাজার ফুটে।

লাইভএটিসি ডটনেটের তথ্যের বরাতে বোস্টন গ্লোব জানায়, যোগাযোগের সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও পাইলটের মধ্যে কথা বলতে সমস্যা হচ্ছিল। একপর্যায়ে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন বলে নিশ্চিত করেন নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা।

ইডিটি সময় রাত ১টার পর স্থানীয় ফায়ার সার্ভিসের এক ডিসপ্যাচার উদ্ধারকারী দলকে বৈদ্যুতিক ত্রুটিযুক্ত একটি বিমান গ্রহণের প্রস্তুতি নিতে বলেন। পরে তিনি জানান, বিমানটির রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, উদ্ধারকাজ ও তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করা হচ্ছে। দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ নির্ধারণ একটি সতর্ক ও সুশৃঙ্খল প্রক্রিয়া উল্লেখ করে সংস্থাটি বলেছে, ঠিক কী ঘটেছিল সে বিষয়ে কোনো অনুমান বা মন্তব্য করব না।

আরও পড়ুন

×