ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল আসাম, সেনা মোতায়েন

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল আসাম, সেনা মোতায়েন
×

পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী-এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০০:৩৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ | ০০:৩৮

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাস হওয়ার পর উচ্চকক্ষ রাজ্যসভায়ও পাস হয়েছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। এই বিলের প্রতিবাদে বিক্ষোভের আগুনে জ্বলছে আসাম। বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ।

আসামের বৃহত্তম শহর ও বিক্ষোভের কেন্দ্রস্থল গুয়াহাটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এবং বিক্ষোভকারীদের দমনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে কারফিউ অমান্য করে বৃহস্পতিবার সকালেও গুয়াহাটিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, ছয় বছর ধরে সহিংস আন্দোলন করার পরে যে আসাম চুক্তি স্বাক্ষরিত হয়, নাগরিকত্ব সংশোধনী বিলের প্রভাবে সেই চুক্তি বিঘ্নিত হবে। খবর এনডিটিভির

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসামের ১০টি জেলায় মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে। আসামের চারটি অঞ্চলে টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। 

ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল পি খোঙ্গসাই পিটিআইকে জানান, গুয়াহাটি শহরে দুই ইউনিট সেনা মোতায়েন করা হয়েছে এবং তারা এলাকায় টহল দিচ্ছেন। তিনসুকিয়া, ডিব্রুগড় ও জোড়হাট জেলাতেও মোতায়েন করা হয়েছে সেনা।

বুধবার পার্লামেন্টে বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ। দিনভর তুমুল বিতর্কের পর রাজ্যসভায় ১২৫/১০৫ ভোটে বিলটি পাস হয়। এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হবে। 

এই আইনবলে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে আসা মুসলমান বাদে ভারতে বসবাসকারী হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন ধর্মানুসারী শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবে। বিজেপির সমালোচকরা এই পদক্ষেপকে বৈষম্যমূলক, মুসলমানবিরোধী ও সাম্প্রদায়িক বলে বর্ণনা করেছেন। 

আরও পড়ুন

×