বিশ্ব মিয়ানমারের গণহত্যার বিচার করবে, বললেন রোহিঙ্গারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৬:৩৫ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৭:২৩
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের নেতারা বলেছেন, মিয়ানমারের নৃশংসতার যে প্রমাণ তারা দিয়েছেন তার ভিত্তিতে গোটা বিশ্ব এ ঘটনার বিচার করবে।
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানিতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে দোষী বলতে অস্বীকার করার পর তারা এসব কথা বলেন।
বুধবার আইসিজের শুনানিতে অংশ নিয়ে সু চি বলেন, বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হওয়ায় দুর্ভাগ্যবশত কয়েক হাজার রোহিঙ্গা মুসলমান প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এছাড়া ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার যে অভিযোগ রয়েছে তাও অস্বীকার করেন সু চি।
যদিও জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের দাবি, রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার উদ্দেশ্য থেকেই পূর্বপরিকল্পিতভাবে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। এই সেনা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়।
কক্সবাজারে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান এবং রোহিঙ্গা নেতা মোহাম্মদ মহিবুল্লাহ আইসিজেতে সু চি দেওয়া বক্তব্যের প্রতিবাদে বলেন, ‘তারা যে গণহত্যা করেছে, বিশ্ব প্রমাণ সাপেক্ষে তার বিচার করবে।’
তিনি বলেন, ‘চোর কখনও বলবে না সে চুরি করেছে। কিন্তু সে যে অপরাধ করে সেটা সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ হয়। মিয়ানমারে যে গণহত্যা হয়েছে গোটা বিশ্বও সেটার প্রমাণ পেয়েছে।’
মহিবুল্লাহ জোর দিয়ে বলেন, ‘যদি সু চি মিথ্যা বলেন তাহলে তিনিও রেহাই পাবেন না। তাকেও বিচারের মুখোমুখি হতে হবে। বিশ্বের উচিত সু চির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া।’
কুতুপালং শিবিরের আরেক শরণার্থী নূর কামালও সু চির বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘সেনা সদস্যরা লোকজনকে ঘিরে রেখেছে এবং গুলি চালিয়ে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে– এটি কি গণহত্যা নয়? সু চি যা বলেছে তাই মেনে নিতে হবে? বিশ্ব এটা মানবে না। পুরো বিশ্ব আমাদের ওপর অত্যাচারের মাত্রা দেখেছিল, যা এখনও চলছে।’ সূত্র: দ্য গার্ডিয়ান
- বিষয় :
- আইসিজে
- রোহিঙ্গা
- মিয়ানমার
- অং সান সু চি
