দূরের সাহিত্য
শিশুসাহিত্যের জন্য চালু হচ্ছে বুকার পুরস্কার
সমকাল ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ | ০৬:৩৯
| প্রিন্ট সংস্করণ
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান ‘বুকার প্রাইজ ফাউন্ডেশন’ সম্প্রতি ‘চিলড্রেন’স বুকার প্রাইজ প্রদানের ঘোষণা দিয়েছে। আট থেকে ১২ বছর বয়সী পাঠকদের উপযোগী সেরা লেখার জন্য চালু হচ্ছে এ পুরস্কার। আন্তর্জাতিক বুকার পুরস্কারের মতোই সংক্ষিপ্ত তালিকাভুক্ত লেখকরা প্রত্যেকে দুই হাজার ৫০০ পাউন্ড এবং বিজয়ী পাবে ৫০ হাজার পাউন্ড।
পুরস্কারটি ২০২৬ সালে যাত্রা শুরু করবে এবং এর প্রথম বিজয়ীর নাম ঘোষণা হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে। উল্লেখযোগ্য বিষয় হলো, পুরস্কারের বিচারক প্যানেলে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি থাকবে শিশুরাও– যা বুকার পুরস্কারের ইতিহাসে অভূতপূর্ব ঘটনা। পুরস্কারের প্রথম বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শিশুসাহিত্যিক এবং বর্তমান চিলড্রেন’স লাউরেট ফ্রাঙ্ক কটরেল-বয়েস। তিনি ছাড়াও আরও দুজন প্রাপ্তবয়স্ক বিচারক থাকবেন, যারা প্রাথমিকভাবে আটটি বইয়ের সংক্ষিপ্ত তালিকা তৈরি করবেন। পরে বিজয়ী নির্বাচন করার জন্য এই প্যানেলে তিনজন শিশু বিচারককে যুক্ত করা হবে। তবে শিশুরা কীভাবে বিচারক হওয়ার জন্য আবেদন করতে পারবে– তা আগামী বছর ঘোষণা করা হবে।
ফ্রাঙ্ক কটরেল-বয়েস এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রতিটি শিশুর একটি দারুণ বইয়ে ডুবে যাওয়ার আনন্দ উপভোগ করার সুযোগ থাকা উচিত। এই পুরস্কারের মাধ্যমে শিশুদের বিচারকের টেবিলে আমন্ত্রণ জানানো এবং মনোনীত বইগুলোর কপি উপহার দেওয়ায় হাজার হাজার শিশু বই পড়ার চমৎকার জগতে প্রবেশ করতে পারবে। এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ফাউন্ডেশন প্রতিবছর সংক্ষিপ্ত তালিকাভুক্ত ও বিজয়ী বইগুলোর কমপক্ষে ৩০ হাজার কপি বিনামূল্যে শিশুদের উপহার দেবে। ন্যাশনাল লিটারেসি ট্রাস্ট, দ্য রিডিং এজেন্সি এবং বুকব্যাংকসের মতো সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে বইগুলো বিতরণ করা হবে। এ পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো যখন প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে গত ২০ বছরের মধ্যে শিশুদের আনন্দের জন্য বই পড়ার প্রবণতা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড এই পুরস্কারকে ২০ বছরের মধ্যে তাদের সবচেয়ে উচ্চাভিলাষী উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই পুরস্কার আগামী প্রজন্মকে আজীবনের পাঠক হিসেবে গড়ে তুলতে একটি বীজ বপন করবে।
এই ঘোষণা বিশ্বের প্রথম সারির শিশুসাহিত্যিকরা স্বাগত জানিয়েছেন।
- বিষয় :
- সাহিত্য
