আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড পেলেন আশানুর রহমান
অ্যাওয়ার্ড নিচ্ছেন আশানুর রহমান [বাঁয়ে]
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ০৭:১২
| প্রিন্ট সংস্করণ
ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আশানুর রহমান ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর সাহিত্যকর্মকে “মানস গঠনে ও জীবনপ্রেরণায় ভাষা ও সাহিত্যের প্রভাব” শীর্ষক অবদানের জন্য সম্মানিত করা হয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে অনুষ্ঠিত হয় এ পুরস্কার প্রদান অনুষ্ঠান।
মূলত ২০২৪ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘লেনিন’-এর জন্য এ স্বীকৃতি প্রদান করা হয়। ছয় বছরের নিবিড় গবেষণা ও সৃজনশীল সাধনার ফসল উপন্যাসটি ভ্লাদিমির ইলিচ লেনিনের জীবন ও চিন্তাকে নতুন সাহিত্যিক ভাষ্যে উপস্থাপন করেছে। ইতিহাস, আদর্শ ও মানবিক দ্বন্দ্বকে গভীর মননশীলতায় অন্বেষণ করা এ উপন্যাসটি প্রকাশের পরপরই পাঠক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। বাংলাদেশ ছাড়াও ভারত ও উত্তর আমেরিকার বাংলা পাঠকমহলে ‘লেনিন’ আলোচিত ও সমাদৃত হয়। ২০২৫ সালে তিনি প্রকাশ করেন তাঁর প্রথম ছোটগল্পগ্রন্থ ‘ভোর ও বারুদের গল্প’। সময়, সংঘাত, স্মৃতি ও আশার সংমিশ্রণে গড়ে ওঠা গল্পগুলো সহিংসতা ও সংগ্রামের মধ্যেও মানুষের অন্তর্লীন সংবেদন, সহনশীলতা ও প্রত্যাশাকে তুলে ধরে। গ্রন্থ রচনার পাশাপাশি সাহিত্যজগতে তাঁর সক্রিয় উপস্থিতি উল্লেখযোগ্য। তিনি অর্ধবার্ষিক সাহিত্যপত্রিকা মননরেখা এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতিভিত্তিক ওয়েবজিন লেখালেখির উঠান-এর সহসম্পাদক।
- বিষয় :
- অ্যাওয়ার্ড
