ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পদাবলি

পদাবলি
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৭:০১

| প্রিন্ট সংস্করণ

প্রতিবাদ প্রত্যাশার আলো
হাসান হাফিজ

‘আঁধার’ শব্দটি হয়তো হালকা পলকা
তুলনায় ‘তমিস্রা’কে দ্যাখো
কত ভারী, গাম্ভীর্যে অটল
অদ্ভুত আঁধারে আজ ঢেকে আছে
বিবেকবর্জিত এই পাষণ্ড পৃথিবী।
রক্ত ঝরছে ফিলিস্তিনে, ইরানে ও দেশে দেশে
মানুষ পশুরও চেয়ে এতটা অধম?
মারণাস্ত্রে এত বেশি আস্থা কেন তার?
জান্তব সত্তার এত ধ্বংসের ক্ষমতা
মাৎস্যন্যায় এতটা গভীরে কেন প্রোথিত হয়েছে
একদিন থামবে ঝড়, শান্তি স্বস্তি ফিরবেই
নিন্দা আর প্রতিবাদ রুখে দাঁড়ানোর তেজ
পশুত্বকে পরাভূত করবেই, সংশয়ের অবকাশ নেই।

 

সুতোকাটা ঘুড়ি
মতিন রায়হান 

পুষ্পিত ভাঁটের ঘ্রাণে আমি ফিরে ফিরে যাই
আমার শৈশবে– ধানসিড়ি-ভোরে, অমল জীবনানন্দে...
কী অদ্ভুত ঘোরলাগা দুপুরের রোদ
বুনো ঘুঘুদের ঢেউতোলা ডাক
             যদি বেঁধে ফেলে আষ্টেপৃষ্ঠে 
                  তবে আজ আমি কোথায় দাঁড়াব?
শজনের ডাল থেকে উড়ে গেলে হলুদ ফড়িং
কী দিয়ে নাগাল পাই দুরন্ত-উড়ন্ত কৈশোরের?
আচ্ছা, সুতোকাটা ঘুড়ি কোথায় হারায়?
মাঞ্জা দেওয়া সুতো ও নাটাই মুখ ভার করে
                         পড়ে থাকে টেবিলের নিচে...
আমার পুষ্পিত মুখ আজ বেদনামলিন
আমার পুষ্পিত প্রেম তবে কোথায় রঙিন?

হারিয়ে যাওয়া ভাঁটের সফেদ ডানাঅলা মেঘ
এখানেই নামো, এই বৈশাখে, রোদ্দুরে...
হায়! জীবন কেবলি দূরে সরে যায়
বুকের ভিতর স্থিতি পায় কী গভীর গহন উদ্বেগ! 

আরও পড়ুন

×