ডাস্টিন হফম্যানের আত্মজীবনী ‘লুক অ্যাট মি’
ডাস্টিন হফম্যান
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৭:০৩
| প্রিন্ট সংস্করণ
হলিউডের কিংবদন্তি অভিনেতা ডাস্টিন হফম্যানের বর্ণাঢ্য জীবনের গল্প এবার মলাটবন্দি হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরে প্রকাশিত হতে যাচ্ছে এই অস্কারজয়ী তারকার স্মৃতিকথা। ‘পিপল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আগামী ১০ নভেম্বর ‘সাইমন সিক্স’ প্রকাশনী থেকে বইটি বাজারে আসবে। বইটির নাম রাখা হয়েছে ‘লুক অ্যাট মি’। লেখক অ্যারিয়েল লেভির সঙ্গে যৌথভাবে এটি লিখেছেন ৮৮ বছর বয়সী এই অভিনেতা। প্রকাশনা সংস্থাটি হফম্যানকে একজন ‘গভীর সহানুভূতিশীল এবং বিনোদনমূলক গল্পকার’ হিসেবে অভিহিত করেছে, যার সান্নিধ্য পাঠকরা দারুণভাবে উপভোগ করবেন।
হলিউড ইতিহাসের অন্যতম মেধাবী এই অভিনেতার জীবনের অনেক অজানা দিক উঠে আসবে এই বইয়ে। বিশেষ করে ১৯৪০-এর দশকে লস অ্যাঞ্জেলেসের এক মধ্যবিত্ত ইহুদি পরিবারে তাঁর বেড়ে ওঠা। ১৯৫০-এর শেষের দিকে অভিনয়ের নেশায় নিউইয়র্ক শহরে পাড়ি জমানো। ষাটের দশকের শেষে ‘লাইফ’ ম্যাগাজিনে নিজের প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে স্বীকৃতি পাওয়ার পেছনের সংগ্রাম। এবং প্রতিটি চরিত্রের জন্য তাঁর অনন্য প্রস্তুতি এবং অভিনয়ের নেপথ্যের ভাবনা।
১৯৬৭ সালে মাইক নিকোলসের ‘দ্য গ্রাজুয়েট’ চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় আসেন হফম্যান, যা তাঁকে এনে দেয় প্রথম অস্কার মনোনয়ন। এরপর তিনি ‘মিডনাইট কাউবয়’, ‘টুসি’ ও ‘ওয়াগ দ্য ডগ’-এর মতো কালজয়ী ছবিতে অভিনয় করে মোট সাতবার অস্কারের জন্য মনোনীত হন। এর মধ্যে ‘ক্রেমার ভার্সেস ক্রেমার’ ও ‘রেন ম্যান’ সিনেমার জন্য তিনি দুইবার সেরা অভিনেতার একাডেমি পুরস্কার (অস্কার) জয় করেন।
- বিষয় :
- বই
