ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চলতি বছরের সেরা ১৪ উপন্যাস

চলতি বছরের সেরা ১৪ উপন্যাস
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

চলতি বছরের প্রথম আট মাসে প্রকাশিত বিশ্বসাহিত্যের সেরা ১৪টি উপন্যাসের একটি তালিকা প্রকাশ করেছে দ্য ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি কালচার)। থ্রিলার, মনস্তাত্ত্বিক টানাপোড়েন, ঐতিহাসিক ট্র্যাজেডি থেকে শুরু করে সমকালীন জীবনযাত্রার তীক্ষ্ণ স্যাটায়ারসহ নানা বৈচিত্র্যের গল্প নিয়ে তৈরি এ তালিকা পাঠকমহলে ইতোমধ্যে সাড়া ফেলেছে। বিবিসির এই তালিকায় অন্যতম শীর্ষ আকর্ষণ হিসেবে রয়েছে পুলিৎজারজয়ী আমেরিকান কথাসাহিত্যিক কলসন হোয়াইটহেডের নতুন উপন্যাস ‘কুল মেশিন’। আশির দশকের নিউইয়র্ক শহরের পটভূমিতে রচিত এই ক্রাইম থ্রিলার মূলত লেখকের বিখ্যাত ‘হারলেম ট্রিলজি’র চূড়ান্ত ও শেষ পর্ব, যেখানে অপরাধজগতের সমীকরণ ও আমেরিকার সামাজিক মহাকাব্যিক রূপ ফুটে উঠেছে। অন্যদিকে আয়ারল্যান্ডের ইতিহাস ও মানচিত্রকারদের জীবনসংগ্রামের প্রেক্ষাপটে তৈরি ম্যাগি ও ফারেলের ‘ল্যান্ড’ সমাদৃত হয়েছে এই সময়ের অন্যতম সেরা সৃষ্টি হিসেবে। বুকারজয়ী স্কটিশ লেখক ডগলাস স্টুয়ার্টের ‘জন অব জন’ উপন্যাসে এসেছে গ্রামীণ জীবন, মানসিক টানাপোড়েন ও পারিবারিক গোপনীয়তার এক জটিল সমীকরণ। স্মৃতিচারণ ও কল্পকাহিনির অনন্য মিশেলে জীবনের শেষ অধ্যায়ের স্মৃতি ও ভালোবাসা ফুটিয়ে তুলেছেন প্রবীণ সাহিত্যিক জুলিয়ান বার্নস তাঁর ‘ডিপার্চার(স)’ গ্রন্থে। ডিজিটাল দুনিয়ার অসারতাকে কটাক্ষ করে লেখা ক্যারো ক্লেয়ার বার্কের ‘ইয়েস্টারইয়ার’ উপন্যাসটি পাঠকমহলে আকর্ষণ সৃষ্টি করেছে। এতে এক আধুনিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের আচমকা ১৮৫৫ সালের এক জীর্ণ খামারবাড়িতে জেগে ওঠার এক রহস্যময় স্যাটায়ার চিত্রায়িত হয়েছে। পাশাপাশি টানা ফ্রেঞ্চের আইরিশ থ্রিলার ‘দ্য কিপার’ এবং বিনোদন জগতের ঈর্ষা ও প্রতিশোধের সমীকরণ নিয়ে জন ল্যানচেস্টারের ব্ল্যাক কমেডি ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ বৈচিত্র্য এনেছে এই তালিকায়। গ্রন্থ সমালোচকদের মতে, ২০২৬ সালের এই নির্বাচিত উপন্যাসগুলো কেবল টানটান গল্পই পরিবেশন করেনি, বরং আধুনিক মানুষের অস্তিত্বের সংকট ও মনস্তাত্ত্বিক জটিলতাও উন্মোচন করেছে। 

আরও পড়ুন

×