ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শীতেও লোডশেডিং

শীতেও লোডশেডিং
×

খান ইয়ামিন

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ০৭:২৫

| প্রিন্ট সংস্করণ

শীতকাল সাধারণত বিদ্যুৎ ব্যবস্থার জন্য স্বস্তির সময় হিসেবে বিবেচিত হয়ে থাকে। গ্রীষ্মের মতো অতিরিক্ত চাহিদা না থাকায় এই সময়ে লোডশেডিং কম হওয়ার কথা। অথচ বাস্তব চিত্র ভিন্ন। সাম্প্রতিক সময়ে ঢাকার বাইরে, বিশেষ করে ফরিদপুর জেলায় ঘন ঘন লোডশেডিং জনজীবন প্রচণ্ডভাবে ব্যাহত করছে। শীতের মধ্যে এমন বিদ্যুৎ সংকট সাধারণ মানুষের জন্য বাড়তি দুর্ভোগ ডেকে এনেছে।
ফরিদপুরে দিনে ও রাতে অনিয়মিত লোডশেডিং এখন নিত্যদিনের ঘটনা। ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক থেকে শুরু করে সাধারণ পরিবার–সবাই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। শীতের রাতে বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্করা ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক এলাকায় বিদ্যুৎ না থাকলে পানি সংকটও দেখা দেয়, যা দৈনন্দিন জীবনকে আরও জটিল করে তোলে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। পরীক্ষার প্রস্তুতি কিংবা নিয়মিত পড়াশোনায় বিদ্যুতের বিকল্প খুব সীমিত। অনলাইন ক্লাস, ইন্টারনেট ব্যবহার কিংবা ডিজিটাল শিক্ষা কার্যক্রম লোডশেডিংয়ের কারণে কার্যত স্থবির হয়ে পড়ছে। একইভাবে ছোট ব্যবসা ও দোকানপাটে বিক্রি কমে যাচ্ছে। বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে।
প্রশ্ন হচ্ছে, শীতের মধ্যেও কেন এই পরিস্থিতি? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রায়ই কারিগরি ত্রুটি, সঞ্চালন লাইনের সমস্যা কিংবা বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কথা বলছে। এসব সমস্যা যদি আগেভাগে চিহ্নিত ও সমাধান করা যেত, তাহলে সাধারণ মানুষকে এতটা ভোগান্তি পোহাতে হতো না। উন্নয়নশীল দেশের পথে এগিয়ে যাওয়ার কথা বলা হলেও বিদ্যুৎ ব্যবস্থার এমন দুরবস্থা সেই অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করে।
এখন সময় এসেছে দায়সারা ব্যাখ্যার বাইরে গিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। 

খান ইয়ামিন: ২নং হাবেলী গোপালপুর, সদর, ফরিদপুর

আরও পড়ুন

×