বাড়বাড়ন্ত লোডশেডিং
মাহবুবউদ্দিন চৌধুরী
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৭:৩৬
| প্রিন্ট সংস্করণ
এই সময়ে তীব্র গরমে দেশে যে হারে লোডশেডিং হচ্ছে তাতে জনসাধারণ প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছে। রাজধানীর বাইরে বিদ্যুৎবিভ্রাট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবনে অসহনীয় ভোগান্তি দেখা দিয়েছে। দেশের বিভিন্ন স্থানের অনেক বিদ্যুৎকেন্দ্রে প্রতিবাদ, হামলা, ভাঙচুর, এমনকি অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়। বিদ্যুৎ সংকটের জন্য দৈনন্দিন জীবনযাত্রা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।
গ্রামাঞ্চলে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এই গরমের মধ্যে সারাদেশের মানুষের হাঁসফাঁস অবস্থা। ঢাকার বাইরে অতিমাত্রায় লোডশেডিং হচ্ছে। রাত বাড়লে তা ব্যাপক আকার ধারণ করে। এভাবে বারবার লোডশেডিংয়ের কারণে দেশের মানুষ ধৈর্যের বাঁধ আর ধরে রাখতে পারছে না। লোডশেডিংয়ের বিড়ম্বনায় নাকাল দেশের সাধারণ মানুষ। লোডশেডিংয়ে কারণে চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদির মাত্রা বেড়েছে। তীব্র তাপদাহ ও গরমের মৌসুমে দেশব্যাপী লাগাতার বিদ্যুৎবিভ্রাট ও লোডশেডিংয়ের সমস্যা জনজীবনকে দিন দিন দুর্বিষহ করে তুলছে।
দিনে এবং রাতে গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। ঢাকার বাইরের লোকজন বলছে গভীর রাতেও বিদ্যুৎ যায়, একবার গেলে দুই-তিন ঘণ্টার কমে আর আসে না। জ্বালানি সংকটের পাশাপাশি গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিংয়ের জন্য বিরূপ প্রভাব পড়ছে কৃষি, শিক্ষা, শিল্প, কলকারখানা ও তথ্যপ্রযুক্তিতে। নাগরিক জীবনের অন্যতম প্রধান চালিকাশক্তি বিদ্যুৎ। তাই সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিদ্যুতের ওপর নির্ভরশীল।
প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক, অসুস্থ রোগী, শিক্ষার্থী, এমনকি মহিলারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। সাধারণত লোডশেডিংয়ে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে। দেশের টেকসই উন্নয়ন এবং মানুষের স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিদ্যুতের লোডশেডিং দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে পড়েছে। এ ছাড়া হাসপাতালে লোডশেডিংয়ে রোগীদের চিকিৎসাসেবা ঝুঁকির মধ্যে পড়ে। লোডশেডিং কেবল একটি প্রযুক্তিগত সমস্যা নয়, এটি একটি উন্নয়ন এবং জনগণের স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কোনো বিকল্প নেই। তাই যে কোনো উপায়ে দেশ হতে লোডশেডিংয়ের মাত্রা সহনীয় পর্যায়ে এনে দেশের ভঙ্গুর অর্থনীতি জাগ্রত করা হোক।
মাহবুবউদ্দিন চৌধুরী: ঢাকা
[email protected]
- বিষয় :
- লোডশেডিং