ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

শিক্ষক সুরক্ষা আইন প্রয়োজন

শিক্ষক সুরক্ষা আইন প্রয়োজন
×

কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৭:৩৬

| প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে ঢুকে শিক্ষিকাকে চড় মেরেছেন এক অভিভাবক। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কাবেরী করিম স্কুলটির প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। শিক্ষার্থীর মাকে গ্রেপ্তার করা হয়েছে, বাবা পলাতক বটে, কিন্তু এটা কতটা বেদনাদায়ক বলার অপেক্ষা রাখে না। মানুষ গড়ার নিপুণ কারিগর হচ্ছেন শিক্ষক। মা-বাবা জন্ম দেওয়ার পর মূলত শিক্ষকের হাতেই গড়ে ওঠে সন্তান। ছাত্রকে মানুষ করার জন্য শিক্ষকের চেষ্টার অন্ত থাকে না। কিন্তু নানা সময়ে ছাত্রকে শাসন করতে গিয়ে কিংবা সামান্য বকাঝকার কারণে এর আগেও বহু শিক্ষককে লাঞ্ছনার শিকার হতে হয়েছে কিংবা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে। এমনকি নিজের ছাত্রের হাতে প্রাণ দিতে হয়েছে শিক্ষককে। 

সম্প্রতি ঘটে যাওয়া শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে অবশ্য সবাই ক্ষুব্ধ প্রতি ক্রিয়া ব্যক্ত করেছেন। এভাবে বিভিন্ন সময় শিক্ষকরা অত্যাচার, নিপীড়নের শিকার হচ্ছেন। অনেক সময় অভিভাবকদের কাছেও শিক্ষকদের লাঞ্ছনা ভোগ করতে হয়। কেন এই পরিস্থিতি তৈরি হলো? ছাত্ররা এ রকম উচ্ছৃঙ্খল এবং অসহিষ্ণু হয়ে উঠছে কেন, তা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। 
প্রাথমিক ছাড়াও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপরও ন্যক্কারজনক হামলার কথা পত্রিকা আর সামাজিক মাধ্যমের কল্যাণে প্রায় সবারই জানা। দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার বীর কারিগরদের সঙ্গে এমন ঘৃণ্য ব্যাপার রোধ করা না গেলে জাতির সার্বিক সমৃদ্ধি হোঁচট খেতে বাধ্য। ভবিষ্যতে এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা বন্ধ করতে প্রয়োজন ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়ন। এরই সঙ্গে ইতোমধ্যে ঘটা সকল ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনা আবশ্যক। সম্মানিত শিক্ষকদের প্রতি এমন অন্যায় আক্রমণ ও লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে শিক্ষক মর্যাদা অক্ষুণ্ন রাখার ব্যাপারে সরকারের কঠোর অবস্থান কাম্য। 

‘শিক্ষক সুরক্ষা’ আইন প্রণয়ন করা গেলে শিক্ষকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। হ্যাঁ, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকতেও পারে। তাই বলে স্কুলে ঢুকে এভাবে চড় মারা বা হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো যায়। আইন হাতে তুলে সমস্যার সমস্যার সমাধান সম্ভব নয়। দেশে প্রতিবছর পাবলিক 
পরীক্ষাগুলোর যে আশাজাগানিয়া ফল, তার কারিগর কিন্তু এই শিক্ষকসমাজ। তাদের প্রচেষ্টায়ই এই সফলতা। দেশের সকল স্তরে যারা দায়িত্ব পালন করে চলেছেন, তারা সবাই কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের ছাত্র। সে হিসাবে দেশের উন্নয়নের পেছনেও রয়েছে শিক্ষকদের অবদান। 

কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম: শিক্ষক
[email protected]

আরও পড়ুন

×