কর্মসংস্থান বাড়াতে মনোযোগ দিন
মোহাম্মদ শাকিল আহমেদ
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ০৭:২৮
| প্রিন্ট সংস্করণ
পৃথিবীর জনবহুল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৯৪তম হলেও ক্ষুদ্র আয়তনের এই দেশটিতে জনসংখ্যা প্রায় ২০ কোটি; যা বাংলাদেশকে অষ্টম জনবহুল দেশের খেতাব এনে দিয়েছে। এত বিপুল জনসংখ্যা যেমন দেশের জন্য বড় সম্পদ, তেমনি সঠিক পরিকল্পনা এবং প্রশিক্ষণের অভাবে এই জনসংখ্যা দেশের জন্য অভিশাপের কারণ-ও বটে। একটি দেশের সব থেকে বড় সম্পদ হলো ওই দেশের মানুষ। যদি সঠিক পরিকল্পনা এবং প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায় তবে তারা দেশের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশের এই বিপুল জনসংখ্যাকে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করা হয় না। স্বাধীনতার পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যতগুলো সরকার ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে ব্যর্থ হয়েছে। দেশে থাকা ২৬ লাখ বেকারের দিকে তাকালেই এর প্রমাণ মেলে।
আগস্টের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সুযোগ হয়েছে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার। অন্তর্বর্তী সরকারও নানান প্রতিবন্ধকতার কারণে এই সুযোগ কাজে লাগতে ব্যর্থ হয়েছে। তবে সামনে আসছে নতুন সম্ভাবনা। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন নির্বাচনী ইশতেহার দিচ্ছে। যেগুলো লোকমুখে এবং সামাজিক মাধ্যমে বেশ আলোচিত ও সমালোচিত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর উচিত অনুদাননির্ভর পরিকল্পনা না করে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতি শক্তিশালী করার পরিকল্পনা করা এবং এমন পরিকল্পনাকে নির্বাচনী ইশতেহারে সংযুক্ত করা। এতে করে যেমন রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জনসাধারণের কাছে গৃহীত হবে, তেমনি নির্বাচনের পরে নির্বাচিত সরকারের মাধ্যমে পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হবে। এমন পরিকল্পনা বাস্তবায়নের ফলে জনসাধারণ জনশক্তিতে রূপান্তর হলে তাদের অনুদানের প্রয়োজন হবে না, পাশাপাশি প্রশিক্ষিত জনসাধারণের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। শক্তিশালী অর্থনীতির বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
মোহাম্মদ শাকিল আহমেদ: শিক্ষার্থী, রসায়ন বিভাগ, ঢাকা কলেজ
- বিষয় :
- কর্মসংস্থান
