ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হামে শিশুদের বাঁচাতে সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

৩০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ

হামে শিশুদের বাঁচাতে সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট
×

হাইকোর্ট। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২২:২৬

সারাদেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলা তথা শিশুদের বাঁচাতে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাম নিয়ে জনস্বার্থে করা পৃথক দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। 

রুলে দেশে হামের প্রাদুর্ভাবের মূল কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ শিশু তহবিল এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি সমন্বয়ে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি কেন গঠন করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। এছাড়া একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়। 

এ ছাড়া হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে। 
আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও আইইডিসিআরের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১০ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

দেশে গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৮৬৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৮ হাজার ৯৮০ জন। ওই সময়ে সন্দেহজনক হামে মোট ৩শ ৮৯ জন এবং নিশ্চিত হামে ৭৫ জনের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন

×