একটিতে জামিন
ছয় মামলায় দীপু মনির জামিন কেন নয়: হাইকোর্ট
ডা. দীপু মনি (ফাইল ছবি)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ২১:৫৬
রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলার মধ্যে এক মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বুধবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ ছাড়া বাকি ছয় মামলায় তাঁকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী রমজান আলী শিকদার। তিনি বলেন, মোহাম্মদপুর থানার ওই মামলার এজাহারে দীপু মনির নাম নেই, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই। এ মামলায় হাইকোর্ট রুল দিয়ে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, জুলাই মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ অর্ধশতাধিক মামলা করা হয়েছে।
দুই মামলায় জামিন চেয়েছেন ব্যারিস্টার সুমন
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় হবিগঞ্জে দায়ের করা দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চে এ-সংক্রান্ত আবেদন দাখিল করা হয়েছে।
এর আগে গত ১১ মে রাজধানীর মিরপুর থানায় করা এক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে সংশ্লিষ্ট রুল নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়। জামিন আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।
