পল্লবীতে শিশুহত্যা
আমার পাপের শাস্তি আমারে দেন, আদালতে আসামি সোহেল
আসামি সোহেল রানা। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১২:৪৯ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ১৮:৫৬
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিয়েছেন। আদালতে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
আজ বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের আত্মপক্ষ সমর্থনে শুনানি হয়।
তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মূসা কালিমুল্ল্যাহ। সকাল ১১টা ১০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হলে সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান হয়। এর আগে আসামি সোহেল ও তার স্ত্রীকে আদালতে তোলা হয়।
কিছু বলার আছে কিনা জানতে চাইলে অভিযুক্ত সোহেল আদালতে বলেন, 'আমার একটা ছাওয়াল আছে আমাকে মাফ করে দেন। আমার সঙ্গে ছিল ডলার। ওকে কেউ দেখে নাই স্যার। ওরে ধরেন স্যার। আমার পাপের শাস্তি আমারে দেন। আরেকটা কথা আমার বউ নির্দোষ।' এ সময় বিচারক তাকে থামিয়ে বলেন, 'আপনারটা আপনি বলেন।' এরপর সোহেল নিজেকে নির্দোষ দাবি করেন।
পরে স্বপ্নার বক্তব্য শুনতে চান আদালত। আদালতে স্বপ্না বলেন, 'আমি কিছু করিনি।' আদালত তখন জানতে চান চান, 'দরজা কেন খুলেননি তার কোনো ব্যাখ্যা দিতে চান?' এ সময় তাকে সতর্ক করে আদালত বলেন, 'আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যে শাস্তি হবে একই শাস্তি আপনারও হবে।' স্বপ্না আবারও বলেন, 'স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি।'
দুই আসামির বক্তব্য রেকর্ড শেষে মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল বৃহস্পতিবার ধার্য করেন আদালত। গতকাল এ মামলায় চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের জবানবন্দি রেকর্ড করেন আদালত।
