ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পল্লবীর সেই শিশু হত্যা মামলার বিশেষ পিপি নিয়োগ

পল্লবীর সেই শিশু হত্যা মামলার বিশেষ পিপি নিয়োগ
×

আইনজীবী আজিজুর রহমান দুলু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২১:৩৫

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর হত্যা করা আট বছরের শিশুটির মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আইনজীবী আজিজুর রহমান দুলুকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৪৯২ ধারার বিধান মতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলা নং ৩৫, তারিখ ২০/০৫/২০২৬ খ্রি. ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(২)/৩০ তৎসহ ২০১ পেনাল কোড রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে আট বছর বয়সী এক কন্যাশিশুর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সোহেল রানা বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন তিনি।

আরও পড়ুন

×