হাইকোর্টের রায়
৬৯০ কলেজশিক্ষককে সপ্তম গ্রেড দেওয়ার নির্দেশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ২১:২৪
জাতীয়করণ হওয়া বিভিন্ন কলেজের ৬৯০ জন শিক্ষককে সপ্তম গ্রেড (বেতন স্কেল) দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন বছর আগে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন।
রিট আবেদনকারীপক্ষ জানায়, জাতীয়করণ হওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬৯০ জন প্রভাষক সপ্তম গ্রেড ফিরে পেতে ২০২৩ সালে হাইকোর্টে রিট করেন। তাঁদের আবেদন ছিল, জাতীয়করণের আগে তাঁরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম গ্রেড বেতন প্রাপ্ত প্রভাষক ছিলেন। তবে জাতীয়করণের পরে গ্রেড কমিয়ে তাঁদের নবম গ্রেড করা হয়। এতে চাকরির অধিকার পাশাপাশি সংবিধানে প্রদত্ত তাঁদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলও জারি করেন। সেই রুল নিষ্পত্তি করে উভয়পক্ষের শুনানি শেষে আজ এই রায় দেওয়া হয়।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী মো. আতিকুর রহমান ও মো. হারুনুর রশীদ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন। তিনি সমকালকে বলেন, হাইকোর্টের দেওয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১১ জুলাই হাইকোর্ট ৪৫ জন প্রভাষকের পক্ষে একই ধরনের রায় দিয়েছিলেন বলে জানান রিট আবেদনকারীদের আইনজীবী সিদ্দিক উল্লাহ। তিনি সাংবাদিকদের বলেন, ২০২৩ সালে করা রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ৬৯০ জন প্রভাষককে জাতীয়করণের আগে তাঁদের প্রাপ্ত সপ্তম গ্রেড প্রদান করতে নির্দেশ দিয়েছেন। রিটটি নিষ্পত্তি করে এই রায় দেওয়া হয়।
- বিষয় :
- হাইকোর্ট
- কলেজশিক্ষক