ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব
×

ফাইল ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করা হয়েছে। তাঁরা হলেন এম হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী। তাঁদের আগামী ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে স্বশরীরে হাজির হয়ে মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

প্রসিকিউশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ আদেশ দেন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, সুপ্রিম কোর্টের ওই দুই আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাঁদের স্ট্যাটাস আদালতের নজরে আনা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনে বলা হয়, তাঁদের একজন ফেসবুক স্ট্যাটাসে ট্রাইব্যুনালকে ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্ট’ উল্লেখ করে রায়ের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যানের কথা বলেছেন। ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আরেক আইনজীবীও ট্রাইব্যুনালের রায়কে ‘অবৈধ’ ও ‘ফরমায়েশি’ উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রসিকিউটর তামীম বলেন, তাঁরা আইনজীবী এবং আদালত সম্পর্কে কী বলা যায় বা যায় না, তা তাঁরা ভালোভাবেই জানেন। একজন আইনজীবী আদালত সম্পর্কে এ ধরনের মন্তব্য করার পর ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষের কাছে তা বৈধ বলে মনে হতে পারে। এ ধরনের বিভ্রান্তি এড়াতেই আদালতের কাছে আবেদন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

আরও পড়ুন

×