ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক

বিরোধীদলীয় নেতার সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৪০

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা। পোশাক শিল্পে উৎপাদন ও রপ্তানিতে গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। 

বুধবার রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। 

গার্মেন্টস মালিকরা বৈঠকে জানান, প্রায় ৪০ লাখ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী সরাসরি তৈরি পোশাক শিল্পে যুক্ত। প্রায় তিন হাজার উদ্যোক্তা রয়েছে। অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ শিল্প চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। 

বিজিএমইএ নেতারা বলেন, তৈরি পোশাক রপ্তানি বর্তমান পর্যায় থেকে ভবিষ্যতে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। তবে এ জন্য নিরিবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন হবে। সে কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। 

মাহমুদ হাসান খান বাবু বলেন, বিরোধীদলীয় নেতার সঙ্গে তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আন্তরিকতার সঙ্গে শুনে পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা প্রয়োজন। বিরোধী দলের কাছ থেকেও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন ব্যবসায়ীরা। 

গোলাম পরওয়ার বলেন, অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের অবদান রাখছে, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নিতেই মতবিনিময় করা হয়েছে। জ্বালানি সংকটসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রয়োজনে জামায়াত বিশেষজ্ঞদের মাধ্যমে সরকারকে সহযোগিতায় প্রস্তুত।

সভায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিশেষ গুরুত্ব পায়। ব্যবসায়ীরা রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। জামায়াত নেতারা বলেছেন, সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করতে তারা প্রস্তুত। 

সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, নূরুল ইসলাম বুলবুল এমপি, শফিকুল ইসলাম মাসুদ এমপি প্রমুখ। 

বিজিএমইএ নেতাদের মধ্যে ছিলেন প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সহ-সভাপতি রেজওয়ান সেলিম, মিজানুর রহমান, বিদিয়া অমৃত খান, শেহাব উদ্দুজা চৌধুরী, মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক ফাহিমা আখতার, মজুমদার আরিফুর রহমান,আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

×