ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাড়িতেই বানান মিষ্টি দই

বাড়িতেই বানান মিষ্টি দই
×

মিষ্টি দই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৩:১৭

অনেকেই খাওয়ার পর একটু মিষ্টি খেতে পছন্দ করেন। এই গরমে খাওয়ার পর দই খেলে খাবার সহজেই হজম হয়। যাদের মিষ্টি দই খেতে ভালো লাগে তারা বাড়িতেই বানাতে পারেন এই দই।   

যা যা প্রয়োজন
ফুল ফ্যাট দুধ ১ লিটার, আধা কাপ গুঁড়ো দুধ, চিনি পরিমাণমতো, পানি ঝরানো টক দই ৪ টেবিল চামচ। খেয়াল রাখবেন টক দইয়ের মধ্যে যেন কোনও বাড়তি পানি না থাকে, তা হলে মিষ্টি দই জমতে চাইবে না। টক দইটাকে একটি সুতির কাপড়ে বেঁধে কিছুক্ষণ ঝুলিয়ে রাখলে সহজেই পানি ঝরে যাবে।

প্রস্তুত প্রণালি : কড়াইতে পরিমাণমতো চিনি দিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করুন, যতক্ষণ না তা গলে লালচে রঙের ক্যারামেল তৈরি হয়। চিনি গলে সুন্দর রং হলে সামান্য পানি মিশিয়ে ফুটিয়ে নিন, যাতে ক্যারামেল জমাট না বাঁধে।

এবার একটি পাত্রে ফুল ফ্যাট দুধ নিয়ে মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে ঘন করে নিন। দুধ ঘন হয়ে এলে তার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিন, এতে দইয়ের স্বাদ ও গঠন অনেক ভালো হবে। দুধের মিশ্রণটি ভালো করে ফুটে উঠলে আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল এর সঙ্গে মিশিয়ে দিন। ক্যারামেল মেশানোর পর দুধের রং একেবারে দোকানের মিষ্টি দইয়ের মতো সুন্দর হয়ে যাবে। দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিন এবং হালকা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। খেয়াল রাখবেন দুধ যেন অতিরিক্ত ঠান্ডা না হয়ে যায়।  এবার পানি ঝরিয়ে রাখা টক দই একটি পাত্রে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন যাতে কোনও দলা না থাকে। টক দই একেবারে ক্রিমি হয়ে গেলে তার মধ্যে হালকা গরম ক্যারামেল মেশানো দুধ অল্প অল্প করে ঢালতে থাকুন। দুধ এবং টক দইয়ের মিশ্রণটা খুব সাবধানে মেশাবেন, যাতে সব উপকরণ একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়।  মিশ্রণটি মাটির পাত্র বা অ্যালুমিনিয়ামের বাটিতে ঢেলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে ঢেকে দিন। এবার একটি বড় হাঁড়িতে পানি গরম করে তার ওপর একটি স্ট্যান্ড বসিয়ে দইয়ের পাত্রটি সাবধানে বসিয়ে দিন। হাঁড়ির ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে মাত্র ২০ থেকে ২৫ মিনিট ভাপিয়ে নিলেই দই জমে যাবে। 
আধ ঘণ্টা পর হাঁড়ি থেকে পাত্রটি বের করে নিন, দেখবেন দই তৈরি হয়ে গিয়েছে। স্বাদ ও টেক্সচার আরও ভালো করার জন্য পরিবেশনের আগে দই অন্তত এক ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

আরও পড়ুন

×