তারকার ভ্রমণ
পদ্মবিলে কয়েক ঘণ্টা
সুনেরাহ বিনতে কামাল
সুনেরাহ বিনতে কামাল
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ১১:২০
প্রকৃতি আমাকে দারুণ টানে। সে কারণে জলের ধারে বেড়াতে আমার খুবই ভালো লাগে। সেটি যদি হয় পদ্মবিল, তাহলে তো কথাই নেই। কাজের ব্যস্ততার ফাঁকে একটু সময় পেলেই কোথাও না কোথাও চলে যাই। সম্প্রতি এমনই এক ছুটির দিনে গিয়েছিলাম পদ্মবিল দেখতে। ওই বিলের নামটা শুনেছি অনেকবার। সামনে থেকে দেখার সুযোগ হয়নি কখনও। এবার শুটিংয়ের বিরতিতে কয়েক ঘণ্টার ফাঁকা সময় পাওয়ার কারণে যাওয়া হলো পদ্মবিলে।
রাস্তার দুই পাশে সবুজ ধানক্ষেত। গ্রামীণ পথ দেখতে দেখতে পৌঁছে গেলাম পদ্মবিলে। ফটোশুটের কারণে সেখানে মূলত যাওয়া হয়েছে। দূর থেকে লালচে গোলাপি রঙের ফুলে ঢেকে থাকা জলের বিস্তৃতি দেখে চোখ সরানোই দায়। সত্যি বলতে, প্রথম মুহূর্তে মনে হয়েছিল, আমি যেন কোনো চিত্রকর্মের ভেতরে ঢুকে পড়েছি।
নৌকায় উঠে বিলে ভেসে গেলাম। চারদিকে শুধু পদ্মফুল আর তার পাতার সবুজ রাজত্ব। হালকা বাতাসে ফুলের দোল আর জলের তরঙ্গের শব্দ সবকিছু মিলে এক অদ্ভুত শান্তি। শহরের কোলাহল, কাজের চাপ, ক্যামেরার আলো–সবকিছু যেন মুহূর্তেই হারিয়ে গেল। শুধু আমি আর প্রকৃতি।
আমি প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসি। কাজের ব্যস্ততার কারণে সুযোগ হয় না বেশি। যখনই সময় পাই, এমন কোথাও যাই; যেখানে চারপাশে শুধু প্রকৃতির শব্দ। পদ্মবিলে বসে মনে হচ্ছিল, সময়টা যেন থেমে গেছে। আমি নৌকার ধারে বসে পা জলে ডুবিয়ে রাখলাম। বাতাসে ভেসে আসা ফুলের গন্ধে মন ভরে গেল। সাধারণত কোনো জায়গায় ঘুরতে গেলে সেসব ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করি। বিলের মানুষের জীবনও আমাকে মুগ্ধ করেছে। তারা প্রতিদিন সকাল থেকে ফুল তুলতে আসে, বিকেলে বাজারে বিক্রি করে। এমন সরল জীবন, তবু মুখে হাসি। মনে হচ্ছিল, সুখ আসলে কত সহজ!
ব্যক্তিগত কাজ থাকায় আমাকে ফিরতে হয়েছিল বিকেলেই। সেই কয়েক ঘণ্টা মনে গেঁথে আছে। মনে হচ্ছিল, জীবনটা যদি এমনই হতো নৌকা, বাতাস, ফুল আর নীরব জলরাশি। পদ্মবিলে সময় কাটানো আনন্দময় মুহূর্তগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে খুবই ভালো লেগেছে। কেউ কেউ শর্টস ভিডিও করে আমাকে উপহার দিয়েছে। এ এক অন্যরকম ভালোবাসা। সবার ভালোবাসার ডানায় ভর করে চলতে পছন্দ করি। ভক্ত, শুভাকাঙ্ক্ষী সেটি আমাকে সবসময়ই দিয়ে আসছেন।
পদ্মবিল আমাকে আবার মনে করিয়ে দিয়েছে, শান্তি পাওয়া যায় প্রকৃতির কাছেই। এ কারণে সেখানে বারবার ফিরে যেতে মন চায়। পরের বার গেলে আরও সময় নিয়ে যাব। মুহূর্তগুলো আরও ভালোভাবে উপভোগ করতে চাই। কারণ, শহরের ব্যস্ত জীবনের ভিড়ে এমন নির্জন সৌন্দর্য আসলে আমার সবচেয়ে প্রিয় আশ্রয়। পদ্মবিলে কাটানো কয়েক ঘণ্টা হয়তো জীবনের ক্যালেন্ডারে ছোট্ট এক দিন, কিন্তু মনে হবে–সেটাই ছিল এক সম্পূর্ণ যাপন। সবকিছু মিলিয়ে সুন্দর অভিজ্ঞতা নিয়ে ঢাকায় ফেরা হয়েছে।
- বিষয় :
- সুনেরাহ বিনতে কামাল
