কুমিল্লার নিমসার
কাঁচাবাজারটির পাকা ব্যবস্থা চাই
×
--
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৪০
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারের নাম আমরা অনেকেই জানি দেশের অন্যতম প্রধান শাকসবজির বাজার হিসেবে। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের সবজি চাষিরা এই বাজারে আসেন উপযুক্ত দাম পাওয়ার জন্য। গোটা দেশ থেকে এসে উপস্থিত হন পাইকাররা। কিন্তু সমৃদ্ধ ও সম্ভাবনাময় এই বাণিজ্যিক কেন্দ্রটি নিয়ে সংকট যেন কাটছেই না। বারংবার সংবাদের উপজীব্য হয়ে উঠছে অভ্যন্তরীণ নানা সংকট। মঙ্গলবার সমকালে প্রকাশিত এক প্রতিবেদনসূত্রে জানা যাচ্ছে- একদিকে অবৈধ দখল উচ্ছেদ হচ্ছে, অন্যদিকে নতুন করে সরকারি জায়গায় দোকানপাট গড়ে তোলা হচ্ছে। শুধু তাই নয়, পুরোনো বাজার এলাকার প্রবেশমুখে মহাসড়কের পাশে মর্জিমাফিক বসানো হচ্ছে নতুন বাজার। এতে করে বিষয়টি আর নিছক দখলদারিত্ব ও অব্যবস্থাপনা সীমিত নেই, সরকারের রাজস্ব হারানোরও উপলক্ষ হয়ে উঠছে। একটি ঐতিহ্যবাহী বাজার নিয়ে ব্যক্তি বা গোষ্ঠীবিশেষের এমন শক্তি প্রদর্শন কোন খুঁটির জোরে? আমাদের মনে আছে, বছর দুয়েক আগে এই সম্পাদকীয় স্তম্ভেই আমরা নিমসার এলাকায় মহাসড়ক দখল করে বাজার বসানোর সমালোচনা করেছিলাম। তাগিদ দিয়েছিলাম অবৈধ স্থাপনা সরিয়ে দিয়ে বাজারটিকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনার। এখন দেখা যাচ্ছে, দখল উচ্ছেদ হয়েছে ঠিকই, দেখা দিয়েছে নতুন সংকট। স্বীকার করতে হবে, গত তিন দশকে বাজারটি কলেবরে কয়েক গুণ বাড়লেও সুবিন্যস্ত সম্প্রসারণ সম্ভব হয়নি। যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে সবজির বেচাকেনা চলত। এ ধরনের বাজার একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে, অন্যদিকে মহাসড়কের গতিও শ্নথ করে দেয়। কিন্তু পুরোনো বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর নতুন করে আরেক স্থানে বাজার বসানো হলে তো সকলই গরল ভেল! আমরা দেখতে চাই, কাঁচাবাজারটি নিয়ে পাকা ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। প্রয়োজনে পুরোনো এলাকাতে সরকারি ভূমিতে বা অধিগ্রহণের মাধ্যমে নতুন স্থাপনা তৈরি ও বরাদ্দ দেওয়া যেতে পারে। ইতোমধ্যে বৈধ জায়গায় বাজার সম্প্রসারণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে প্রশাসনকে এগিয়ে আসতে বলি আমরা। এতে করে যেমন নিমসার বাজার সংহত থাকবে, তেমনই বিঘ্নিত হবে না মহাসড়কের গতি। রাজস্ব আদায়ও নিঃসন্দেহে বাড়বে।
- বিষয় :
- কুমিল্লার নিমসার
