ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

নেত্রকোনা

গায়ের জোরে গ্রন্থাগার দখল

গায়ের জোরে গ্রন্থাগার দখল
×

--

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ১২:৫১

নেত্রকোনার দুর্গাপুরে যেভাবে গ্রন্থাগারের জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগের তিনতলা কার্যালয় নির্মিত হচ্ছে, তাতে আমরা হতাশ হলেও বিস্মিত নই। বস্তুত সারাদেশে সড়ক, রেল, নদী-খালসহ সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের জমি দখল করে রাজনৈতিক কার্যালয় স্থাপন কিংবা প্রভাবশালীদের নানা স্থাপনা তৈরির খবর প্রায়শ সংবাদমাধ্যমে আমরা দেখি। দুঃখজনকভাবে দুর্গাপুরের উকিলপাড়ায় কুমার দ্বিজেন্দ্র গণগ্রন্থাগারের জায়গাও একই ভাগ্য বরণ করতে যাচ্ছে। এ সংক্রান্ত মঙ্গলবার প্রকাশিত সমকালের প্রতিবেদনে এসেছে, দুর্গাপুরের তৎকালীন মহারাজা ভোপেন্দ্র চন্দ্র সিংহ ১৯৩৮ সালে ভাগ্নে কুমার দ্বিজেন্দ্র চন্দ্রের নামে ২৫ শতাংশ দান করা জায়গায় স্থাপিত হয় কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি। আদালতের পাশে অবস্থিত গ্রন্থাগারটির জায়গার একাংশে গত মাসের শেষ সপ্তাহে স্থানীয় এমপি কর্তৃক তিনতলা উপজেলা আওয়ামী লীগ অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘটনাই প্রথম দখল নয়। বরং গ্রন্থাগারের জায়গায় ঘর উঠিয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য, আদালতের কর্মচারী ও স্থানীয় কিছু মানুষও দীর্ঘদিন ধরে বসবাস করছে। এ নিয়ে এলাকার সামাজিক, সাংস্কৃৃতিক ও সাহিত্যপ্রেমীরা মানববন্ধন, স্মারকলিপি পেশ করে লাইব্রেরিটি রক্ষার জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন? আমরা মনে করি, এ ক্ষেত্রে প্রশাসনের নীরবতা প্রভাবশালীদের বেদখলকেই বৈধতা দিচ্ছে। জায়গাটিতে কুমার দ্বিজেন্দ্র গণগ্রন্থাগার রয়েছে বটে; তবে গ্রন্থাগারের বিস্তৃত জায়গায় স্থানীয় কবি, সাহিত্যিক, সাহিত্যানুরাগী ও সংস্কৃৃতিমনাদের আড্ডাসহ নিয়মিত সাংস্কৃৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভবিষ্যতে গ্রন্থাগারটি সম্প্রসারণ ও একে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সামাজিক কর্মকাণ্ডের নানা উদ্যোগ নেওয়া যায়। সেখানে এভাবে দখল চলতে থাকলে পুরো গ্রন্থাগারের জায়গাটিই বেদখল হয়ে যেতে পারে। তাতে দীর্ঘমেয়াদে স্থানীয়রাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই জনস্বার্থে ঐতিহ্যবাহী এ গ্রন্থাগারের জায়গাটি রক্ষায় প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। সেখানে আওয়ামী লীগ কার্যালয়ের অংশসহ অবৈধ সব স্থাপনা তুলে দিয়ে গ্রন্থাগারের সীমানা প্রাচীর নির্মিত হোক। এভাবে জ্ঞান বিকাশের কেন্দ্রসহ অন্যের জায়গা দখল করে রাজনৈতিক কার্যালয় স্থাপন শুধু আইনত দণ্ডনীয়ই নয়, বরং সমাজে খারাপ উদাহরণ হয়েও থাকছে।

আরও পড়ুন

×