প্রান্তিক জনগোষ্ঠী
মড়ার উপর খাঁড়ার ঘা
×
ব্যস্ত জনপদ এখন সুনসান রয়েছে- সমকাল
--
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ১১:১৭
সন্দেহ নেই, করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় সরকারের 'ঘরে থাকার' নির্দেশনা যথার্থ। তবে ভাইরাসটির বিস্তার রোধে চলা এই লকডাউন বা অচলাবস্থায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যে বিপাকে পড়েছে, সেটিও অনস্বীকার্য। যারা দিন এনে দিন খায়, কাজ না করলে যাদের অন্ন জোটে না, তাদের বাড়ি থেকে বেরোতে না পারায় প্রতিদিনের খাবার জোগাড়ে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় আমরা দেখেছি, সরকার যেমন তাদের জন্য উদ্যোগ নিয়েছে, তেমনি অসহায় এসব মানুষের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনও এসে দাঁড়িয়েছে। বাড়ি বাড়ি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এ অবস্থায় দুঃখজনক হলেও সত্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জের 'সাঁওতালদের পাশে কেউ নেই' বলে মঙ্গলবারের সমকালে এসেছে। আমরা জানি, সেখানকার সহস্রাধিক সাঁওতাল পরিবার কতটা অসহায়। প্রতিবেদনটি বলছে, কেবল বর্তমানে করোনা পরিস্থিতির কারণেই শুধু নয়, ভূমি থেকে বিতাড়নের পর থেকেই সাহেবগঞ্জ-বাগদাফার্ম সাঁওতালপল্লির বাসিন্দারা কর্মহীন। আমরা মনে করি, করোনায় যদি শ্রমজীবী মানুষ অসহায় হয়, তবে সাঁওতালপল্লির বাসিন্দারা অসহায়তম। ফলে ত্রাণ কিংবা খাবার সাহায্যের ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার দেওয়া উচিত। ভূপেন হাজারিকা যে গেয়েছেন- 'মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে', আমরা তারই প্রতিফলন চাই। একটি দুর্যোগ যখন আসে, তাতে ক্ষতিগ্রস্ত সব মানুষই সমান। এখানে ধর্ম-গোত্র-বর্ণের ভেদাভেদ নেই। সেক্ষেত্রে বরং তাদের পাশেই সর্বাগ্রে দাঁড়ানো উচিত, যারা এর অভিঘাতে বেশি বিপর্যস্ত। গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লির অসহায় মানুষ যখন এমনিতেই অসহায়, তাদের ওপর নতুন করে করোনা-দুর্যোগ নিঃসন্দেহে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে হাজির হয়েছে। কেবল তাদের 'আদিবাসী' পরিচয়ের জন্য যদি আমরা তাদের পাশে না দাঁড়াই, সেটি আমাদের সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। এ ক্ষেত্রে আমরা চাই স্থানীয় প্রশাসন সর্বাগ্রে তাদের পাশে দাঁড়াক। সেখানকার অবস্থাভাবাপন্ন মানুষও খাদ্যসামগ্রী নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে উদাহরণ সৃষ্টি করুক। স্থানীয় সংসদ সদস্য সমকালের কাছে বলেছেন, 'সাঁওতালপল্লির বিষয়ে আলাদাভাবে প্রধানমন্ত্রীকে জানানো হবে।' আমরা তাকে স্বাগত জানাই। করোনা-দুর্যোগের এ সময়ে আমরা চাই, 'আদম সন্তান' হিসেবে দেশের সর্বত্র ধর্ম-গোত্র-বর্ণ নির্বিশেষে সবার পাশে সবাই এগিয়ে আসুক।
- বিষয় :
- প্রান্তিক জনগোষ্ঠী
