নদীসুরক্ষা
হালদায় মাছের ডিম নিয়ে সতর্কতা ও শঙ্কা
মো. শরীফুল ইসলাম
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১১:৪০ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১১:৫৯
দেশের মৎস্য খাতের জন্য হালদা নদী এক আশীর্বাদ। বিশ্বের একমাত্র জোয়ার-ভাটানির্ভর প্রাকৃতিক কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে এর গুরুত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রতিবছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে এই নদীতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় মাছ ডিম ছাড়ে, যা দেশের পোনা উৎপাদনের একটি বড় উৎস।
বৈশাখের গরমে, জ্যৈষ্ঠের আর্দ্র রাতে, পাহাড়ি ঢল আর পূর্ণিমার আলো মিলে যখন নদীর বুক কাঁপে, তখনই শুরু হয় এক অলৌকিক ঘটনা; দেশীয় কার্প জাতীয় মাছের ডিম ছাড়া। লোককথায় আছে, ব্রিটিশ আমল থেকেই হালদার ডিম সংগ্রহের চর্চা। তখনকার নদীপারের জেলেরা আকাশের চাঁদ, বাতাসের গতি আর পানির রং দেখে বুঝে নিতেন– আজ রাতেই ডিম ছাড়বে মাছ। আধুনিক বিজ্ঞান আজ সেই প্রাচীন জ্ঞানকেই বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রতিষ্ঠিত করেছে। পানির তাপমাত্রা, স্রোতের গতি, দ্রবীভূত অক্সিজেন, এমনকি চন্দ্রকলার প্রভাব– সবকিছু মিলে তৈরি করে এই অনন্য প্রজনন ক্ষেত্র।
সাম্প্রতিক বছরগুলোতে সংরক্ষণ উদ্যোগ জোরদার হওয়ায় আবারও ডিম ছাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। চলতি মৌসুমেও গভীর রাতে নদীর বুকে ভেসে উঠেছে সোনালি ডিম– জেগে উঠেছে নদীপার; ব্যস্ত হয়ে উঠেছে সংগ্রাহকদের জীবন। এই দৃশ্য শুধু অর্থনীতির নয়; জীববৈচিত্র্যের উৎসব, গ্রামীণ জীবনের স্পন্দন। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কিছু কঠিন সত্য। হালদার পানি আজ আর আগের মতো নির্মল নয়। শিল্পবর্জ্য, প্লাস্টিক, কৃষিজ রাসায়নিক– সব মিলিয়ে নদীর স্বাভাবিক পরিবেশ বিপন্ন। দ্রবীভূত অক্সিজেনের ঘাটতি, তাপমাত্রার অস্বাভাবিক ওঠানামা ইত্যাদি মাছের প্রজননকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ বালু উত্তোলন ও ড্রেজিং। নদীর তলদেশের স্বাভাবিক গঠন নষ্ট হলে মাছের ডিম ছাড়ার জন্য প্রয়োজনীয় পরিবেশও ভেঙে পড়ে। আরও উদ্বেগজনক হলো, ডিম ছাড়ার মৌসুমেও অনেক সময় এসব কার্যক্রম বন্ধ থাকে না। ডিম সংগ্রহের ক্ষেত্রেও প্রয়োজন শৃঙ্খলা ও বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। এটি যেমন ঐতিহ্য, তেমনি জীবিকার উৎস; কিন্তু অপরিণত ডিম সংগ্রহ বা অতিরিক্ত হস্তক্ষেপ প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
হালদা নদীতে ডিম ছাড়ার সাম্প্রতিক ঘটনা নিঃসন্দেহে আশার আলো। তবে এটি আত্মতুষ্টির নয়, বরং সতর্কবার্তা। এখনই যদি আমরা সঠিক পথে এগোই, হালদা তার পূর্ণ গৌরবে ফিরবে। এই প্রেক্ষাপটে হালদা নদী রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। প্রথমত, নদীর দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ করতে হবে। শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং নদীতে সরাসরি বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ডিম ছাড়ার মৌসুমে নদীতে সব ধরনের ক্ষতিকর কার্যক্রম, যেমন বালু উত্তোলন ও ভারী নৌযান চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করা প্রয়োজন।
তৃতীয়ত, ডিম সংগ্রহের ক্ষেত্রে একটি বিজ্ঞানভিত্তিক নীতিমালা প্রণয়ন করতে হবে। এতে স্থানীয় সংগ্রাহকদের জীবিকা সুরক্ষিত থাকবে; পাশাপাশি প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়াও বাধাগ্রস্ত হবে না। চতুর্থত, গবেষণা কার্যক্রম আরও জোরদার করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীর হাইড্রোলজি এবং মাছের আচরণ নিয়ে নিয়মিত গবেষণা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।
এই বাস্তবতায় হালদাকে দেখতে হবে একটি জীবন্ত ইকোসিস্টেম হিসেবে; শুধু সম্পদ নয়, এক জটিল ও সংবেদনশীল প্রাণপ্রবাহ। দূষণ নিয়ন্ত্রণে কঠোরতা, প্রজনন মৌসুমে ক্ষতিকর কার্যক্রম বন্ধ, বিজ্ঞানভিত্তিক ডিম সংগ্রহ নীতিমালা এবং গবেষণা জোরদার করা সময়ের দাবি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। সহ-ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে স্থানীয়দের সম্পৃক্ত করলে নদী সংরক্ষণে তাদের দায়িত্ববোধ বৃদ্ধি পাবে এবং কার্যক্রম আরও কার্যকর হবে। সবশেষে বলা যায়, হালদা নদীতে দেশীয় মাছের ডিম ছাড়ার সাম্প্রতিক ঘটনা নিঃসন্দেহে ইতিবাচক দিক। তবে এটি আমাদের আত্মতুষ্টির কারণ হওয়া উচিত নয়। বরং এই ঘটনাকে ভিত্তি করে আমাদের আরও সচেতন ও সক্রিয় হতে হবে। যথাযথ পদক্ষেপ গ্রহণ করা গেলে হালদা নদী ভবিষ্যতেও বাংলাদেশের মৎস্য খাতের প্রাণকেন্দ্র হিসেবে টিকে থাকবে। অন্যথায় অবহেলা ও অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনার কারণে আমরা এই অমূল্য প্রাকৃতিক সম্পদ হারানোর ঝুঁকিতে পড়তে পারি।
হালদার ঢেউ হয়তো আজও ফিসফিস করে বলে– আমি দিতে জানি, যদি তুমি রক্ষা করতে জানো।
ড. মো. শরীফুল ইসলাম: সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ফিশারিজ), সার্ক কৃষি কেন্দ্র, ঢাকা
- বিষয় :
- হালদা নদী
- মাছের প্রজনন
- মাছের ডিম
