রাইটটার্ন
শুধু প্রকল্পে কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ হবে?
মোহাম্মদ গোলাম নবী
মোহাম্মদ গোলাম নবী
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ | ০৭:৪১ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ | ১১:৫৭
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে যুব কর্মসংস্থানের সাফল্য নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। সাফল্যের হিসেবটা কি প্রকল্প বাস্তবায়নের ভিত্তিতে হবে, নাকি তরুণ বয়সীদের সত্যিকারের কর্মসংস্থানের ভিত্তিতে বিচার করা হবে? স্বাধীনতার পর গত সাড়ে পাঁচ দশকে যুব উন্নয়ন, আত্মকর্মসংস্থান, কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির নামে অসংখ্য কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। সরকারের নিজস্ব অর্থের পাশাপাশি বিদেশি ঋণ ও অনুদানের বিপুল অর্থ ব্যয় হয়েছে। তৈরি হয়েছে প্রশিক্ষণকেন্দ্র, প্রতিষ্ঠান, পাঠ্যক্রম ও প্রশিক্ষক; লাখ লাখ তরুণ-তরুণী প্রশিক্ষণ নিয়েছেন। তবু যুব বেকারত্বের হার ২০০৫-০৬ সালের ৮.১ শতাংশ থেকে বেড়ে ২০১৬-১৭ সালে ১০.৬ শতাংশে পৌঁছায়। পরে ২০২৪ সালের জরিপে এই হার ৮.৪৯ শতাংশ হলেও কর্মসংস্থানের মান, আয় ও স্থায়িত্বের প্রশ্ন রয়ে গেছে। আমরা কি প্রকৃত অর্থে কর্মসংস্থানের সৃষ্টি করছি, নাকি কর্মসংস্থানের উদ্দেশ্যে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছি?
এ দুই প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। নির্ধারিত মেয়াদে বরাদ্দ অর্থ ব্যয় করে নির্দিষ্ট সংখ্যক মানুষকে প্রশিক্ষণ দিতে পারলেই একটি প্রকল্প প্রশাসনিকভাবে সফল বিবেচিত হতে পারে। কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত মানুষটি কাজের জন্য উপযুক্তভাবে গড়ে উঠলেন কিনা; কাজ পেলেন কিনা; সে কাজে কতদিন টিকে থাকলেন; তাঁর আয় কতটা বাড়ল কিংবা তিনি অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলেন কিনা– এ ধরনের প্রশ্নের উত্তর না জেনে রাষ্ট্রীয় বিনিয়োগের প্রকৃত সাফল্য নির্ধারণ করা সম্ভব নয়। প্রশিক্ষণ, দক্ষতার সনদ, কর্মসংস্থান এবং টেকসই আয়– চারটি আলাদা বিষয়। প্রশিক্ষণ শেষ করলেই কেউ দক্ষ হয়ে ওঠেন না; সনদ পেলেই চাকরি নিশ্চিত হয় না; চাকরি পেলেই জীবনমানের উল্লেখযোগ্য উন্নতি হয় না। তাই প্রতিটি পর্যায়ে আলাদা ফলাফল পরিমাপ করা প্রয়োজন।
যুব কর্মসংস্থানের চিন্তা নতুন নয়। ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় এবং ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। আশির দশকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের উদ্যোগ সম্প্রসারিত হয়; নব্বইয়ের দশকে ক্ষুদ্রঋণ ও আয়বর্ধক কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করার প্রচেষ্টা আরও বিস্তৃত হয়। তখন রাষ্ট্র উপলব্ধি করেছিল, শুধু সরকারি চাকরি কিংবা প্রচলিত বেসরকারি কর্মসংস্থানের ওপর নির্ভর করে ক্রমবর্ধমান যুবশক্তির জীবিকার ব্যবস্থা করা সম্ভব নয়। সেই উপলব্ধি আজও প্রাসঙ্গিক। তখন আমরা বলতাম আত্মকর্মসংস্থানের কথা; এখন বলছি উদ্যোক্তা উন্নয়ন, স্টার্টআপ, উদ্ভাবন ও ডিজিটাল অর্থনীতির কথা। ভাষা ও প্রযুক্তি বদলেছে, কিন্তু একজন তরুণ কীভাবে নিজের সক্ষমতাকে অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তর করবেন, সেই মূল চ্যালেঞ্জটি রয়েই গেছে।
এখানেই রাষ্ট্র পরিচালনায় ধারাবাহিকতার প্রশ্ন আসে। সরকার পরিবর্তনের সঙ্গে নতুন অগ্রাধিকার নির্ধারণ করা স্বাভাবিক। কিন্তু আগের সরকারের কর্মসূচি থেকে অর্জিত অভিজ্ঞতা, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা পরবর্তী সরকারের সম্পদ হিসেবে বিবেচিত হওয়া উচিত। একটি সরকার যে প্রশিক্ষণকেন্দ্র তৈরি করেছে, পরবর্তী সরকারের দায়িত্ব সেটিকে চালু রেখে যতটা সম্ভব আরও কার্যকর করা। একটি প্রকল্প যে পাঠ্যক্রম, প্রশিক্ষক ও দক্ষতা মূল্যায়ন ব্যবস্থা তৈরি করেছে, পরবর্তী প্রকল্পের দায়িত্ব তার সীমাবদ্ধতা দূর করে আরও ভালো ফল অর্জন করার উপযোগী করা। অথচ নতুন প্রকল্পের পরিকল্পনা করতে গিয়ে আগের প্রকল্পের অর্জন ও ব্যর্থতার যথাযথ পর্যালোচনা প্রায়ই উপেক্ষিত হয়।
দক্ষতা উন্নয়ন খাতে এ সমস্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গত দুই দশকে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশত দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এগুলোর উদ্দেশ্য শুধু প্রশিক্ষণ নয়; শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি ও শিল্প-প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অংশীদারত্ব গড়ে তোলাও ছিল।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে যুব কর্মসংস্থান বিশেষ গুরুত্ব পেয়েছে। কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, স্টার্টআপে অর্থায়ন, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসংস্থান বিনিময়কেন্দ্র প্রতিষ্ঠা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণের প্রতিশ্রুতি রয়েছে। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ আছে, কিন্তু কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে বাস্তবায়ন পদ্ধতির ওপর। নতুন কর্মসংস্থানের জন্য নতুন কিছু গড়ার আগে দেখা দরকার, যুব উন্নয়ন অধিদপ্তর, কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো ও জনবল কতটা ব্যবহার করা সম্ভব।
ফলাফলকেন্দ্রিক হতে হলে আরেকটি মৌলিক বিষয় বিবেচনায় নিতে হবে। আমরা সাধারণত বেকার যুবকদের প্রশিক্ষণের ওপর বেশি গুরুত্ব দিই। অথচ বিপুলসংখ্যক তরুণ ইতোমধ্যে নানা পেশায় কাজ করছেন, কিন্তু তাদের আয় কম এবং উৎপাদনশীলতা সীমিত। একজন অভিজ্ঞ ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মোটর মেকানিক বা পোশাকশিল্পের কর্মীকে উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ দিলে তার আয় বাড়তে পারে, সংশ্লিষ্ট শিল্পের উৎপাদনশীলতাও বাড়তে পারে। ঢাকার ধোলাইখালের মতো ক্ষুদ্র প্রকৌশল শিল্পাঞ্চলের অভিজ্ঞতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ; সেখানে বহু মানুষ বাস্তব কাজের মাধ্যমে দক্ষতা অর্জন করেছেন। তাদের দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি ও আধুনিক যন্ত্রপাতির প্রশিক্ষণ দেওয়া গেলে নতুন শিল্প সক্ষমতা গড়ে উঠতে পারে।
সবচেয়ে জরুরি পরিবর্তন হওয়া উচিত সাফল্য পরিমাপের পদ্ধতিতে। প্রতিটি সরকারি ও বিদেশি অর্থায়নের প্রকল্পের জন্য শুরুতেই নির্ধারণ করতে হবে; কতজন নতুন কর্মসংস্থানে যুক্ত হবেন; কতজন বিদ্যমান কর্মীর দক্ষতা ও আয় বাড়বে; কতজন উদ্যোক্তা ব্যবসা সম্প্রসারণ করবেন এবং কীভাবে তা যাচাই করা হবে। প্রশিক্ষণ শেষ হওয়ার ছয় মাস, এক বছর ও দুই বছর পর তথ্য সংগ্রহের ব্যবস্থা থাকতে হবে, আর যাচাই হতে হবে স্বাধীন মূল্যায়নের মাধ্যমে; শুধু বাস্তবায়নকারী সংস্থার প্রতিবেদনে নয়।
বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার মানুষ। বিশেষ করে যুবসমাজের সক্ষমতা কাজে লাগাতে না পারলে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার বড় অংশই অপূর্ণ থেকে যাবে। তাই এখন প্রয়োজন প্রকল্পের সংখ্যা বাড়ানোর প্রতিযোগিতা থেকে বেরিয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার প্রতিযোগিতা শুরু করা। এটি শুধু প্রশাসনিক সংস্কার নয়; রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রশ্ন।
মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন
- বিষয় :
- মোহাম্মদ গোলাম নবী