সাদা কালো
বিএনপির জাতীয় ঐক্য কাদের নিয়ে?
সাইফুর রহমান তপন
সাইফুর রহমান তপন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ০৭:৪০
| প্রিন্ট সংস্করণ
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষিত দিনক্ষণ যত কাছে আসছে, তত রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। একদিকে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একের পর এক কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ, পাবনা, নড়াইলসহ বিভিন্ন জেলায় অস্থিরতা সৃষ্টি হচ্ছে; অন্যদিকে তা ঠেকাতে সরকার পুলিশ, এসআরবি, আনসারের পাশাপাশি বিজিবিও নামানো হচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে এতদিন সরকার ও আওয়ামী লীগের মধ্যে যে বাগ্যুদ্ধ চলছিল, তা সম্প্রতি যেন মাঠের সংঘাতে পরিণত হয়েছে।
এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘জাতীয় ঐক্য’ গড়ার ডাক দিয়েছেন। সোমবার প্রকাশিত সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাজপথের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রাখতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে ঐক্যের উদ্যোগ নিয়েছে বিএনপি। ফ্যাসিবাদবিরোধী দলগুলো এক থাকলে অন্য কারও কিছু করার সুযোগ নেই– এই বার্তা দেওয়া এবং ডিসেম্বর পর্যন্ত সব দলকে রাজপথে সক্রিয় রেখে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে কোনো তৎপরতা চালানোর সুযোগ না দেওয়া এই ঐক্যের উদ্দেশ্য।’
গত ১৮ নভেম্বর সংসদ অধিবেশন সমাপ্তির আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকের পরই প্রধানমন্ত্রী এই জাতীয় ঐক্যের ডাক দেন। পরদিন ১৯ নভেম্বর জামায়াতের নেতৃত্বাধীন জোট ১১ দলও বৈঠক করে তাতে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে প্রশ্ন উঠেছে, বিএনপির এই জাতীয় ঐক্যে কারা কারা থাকছে? মূলত জামায়াত ও এনসিপিরই সংলাপের কথা ঘুরেফিরে আসছে। যদিও সমকালের প্রতিবেদনে বিএনপির সমমনা এবং ১১ দলের বাইরে থাকা দলগুলোকেও সংলাপে আমন্ত্রণ জানানো হতে পারে বলে বলা হয়েছে। দেশের মূলধারার বাম দলগুলো এ বিষয়ে একেবারেই নীরব।
সবারই জানা, জুলাই গণঅভ্যুত্থানে বাম দলগুলোর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। চব্বিশের জুলাইয়ে প্রথম দফা কারফিউতে যখন তৎকালীন কোটা সংস্কার আন্দোলন প্রায় স্তিমিত হয়ে গিয়েছিল, তখন বাম দলগুলোর সঙ্গে যুক্ত সাংস্কৃতিক সংগঠনগুলোই সেই স্থবিরতা ভেঙে আন্দোলন জিইয়ে রাখে। একই সময় তাদের নারী সংগঠনগুলোও সেনা-পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে রাজপথে আওয়াজ তুলেছিল। ওই বছরের ২ আগস্ট বামপন্থিদের ‘দ্রোহ যাত্রা’ আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছিল।
এ বাম দলগুলোর বেশির ভাগ দীর্ঘদিন আওয়ামী লীগের মিত্র ছিল। বাম দলগুলোর কারণেই বাঙালি জাতীয়তাবাদ-অনুরাগী মানুষদের একটা অংশ চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায়– এমন ধারণা অমূলক হতে পারে না। গণঅভ্যুত্থানের মিছিল-সমাবেশে প্রধানত দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধের গান গাওয়া হয় বামপন্থিদের প্রভাবে; ঢাকাসহ দেশের প্রায় সর্বত্র দেয়ালে আঁকা গ্রাফিতিতে সেই ভাবই প্রাধান্য বিস্তার করে।
যেখানে জুলাই গণঅভ্যুত্থানের সকল শরিক এক হলেও তাকে ‘জাতীয় ঐক্য’ বলা যাবে কিনা– সে প্রশ্ন থেকে যায়, সেখানে বাম দলগুলো ছাড়া ‘জুলাই ঐক্য’ কীভাবে সম্ভব?
বামপন্থিদের বাদ দিলে জুলাইয়ের ঐক্যে যারা থাকে, তারা যে মূলত একই রাজনৈতিক শিবিরভুক্ত। বিশেষত ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে এ দেশের রাজনীতি বাঙালি বনাম বাংলাদেশি জাতীয়তাবাদের ধারায় বিভক্ত, যেখানে আওয়ামী লীগ প্রথমোক্ত ধারাকে নেতৃত্ব দিয়ে চলেছে, আর দ্বিতীয় ধারার নেতৃত্বে আছে বিএনপি। জামায়াত বরাবরই বিএনপির সঙ্গে থেকেছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর গঠিত এনসিপিও একই ধারার রাজনীতি করছে।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিএনপির মনোযোগ মূলত তার পুরোনো শিবিরকেই ঐক্যবদ্ধ করার দিকে। আসলে ৪৮ বছরের পুরোনো একটা দল হিসেবে বিএনপি ভালো করেই জানে, চব্বিশের গণঅভ্যুত্থানে যেসব ইস্যু এমনকি আওয়ামী লীগেরও কর্মী-সমর্থকদের একটা অংশকে সরকারবিরোধী বানিয়েছিল, সেগুলোর আবেদন হয় নিঃশেষ হয়ে গেছে, নয়তো একেবারেই ক্ষয়িষ্ণু। অভ্যুত্থানকালে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার জোরেশোরে উচ্চারিত হলেও এগুলো এখন সোনার পাথরবাটি।
গত আড়াই বছরে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হযেছে মুক্তিযুদ্ধ-সংশ্লিষ্ট যাবতীয় বিষয়। উদারপন্থি সংস্কৃতিচর্চার সুযোগ এ সময়ে সংকুচিত হয়েছে; মব সহিংসতার শিকার হয়েছে নারী, খেলোয়াড়সহ সমাজের অসংখ্য প্রগতিমনা মানুষ। এমনকি মাজারও এ নৃশংসতা থেকে রেহাই পায়নি। এ অবস্থায় অন্তত জুলাই অভ্যুত্থানের উদারপন্থি অংশটির কাছে জুলাই ঐক্য কোনো আবেদন তৈরি করে না।
এদিকে আওয়ামী লীগবিহীন বিএনপি-জামায়াতকেন্দ্রিক ‘নয়া রাজনৈতিক বন্দোবস্ত’ পাকাপোক্ত করতে গিয়ে বিশেষত গত নির্বাচনের আগে-পরে বিএনপি যা করেছে, সেটাও ব্যাকফায়ার করতে পারে। প্রথমে নির্বাচন, তারপর জুলাই সনদ বাস্তবায়ন বা সংস্কার নিয়ে জামায়াত ও এনসিপির সঙ্গে বিএনপি সচেতনভাবে দূরত্ব তৈরি করেছে। এটা করতে গিয়ে দলটির নেতারা বিভিন্ন টেলিভিশন ও অনলাইন-অফলাইন আলোচনায় নিজেদের মুক্তিযুদ্ধের দল দাবি করে জামায়াতকে একাত্তরের ভূমিকার জন্য অব্যাহত আক্রমণ করেছে। এসবের ফলস্বরূপ বিএনপি ও জামায়াতের মধ্যে পরস্পর সম্পর্কে যে সন্দেহ-অবিশ্বাস তৈরি হয়েছে, তা ঘুচবে কীভাবে?
একটা উদাহরণ দিলে তা স্পষ্ট হতে পারে। আনুষ্ঠানিক সংলাপ শুরুর আগেই এনসিপি যে গত সোমবার এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে, তাতে জামায়াত ও ১১ দলের অন্য শরিকরা নাখোশ। জামায়াত নেতাদের আশঙ্কা, ‘ঐক্যের নামে আলাদা বৈঠক করে বিএনপি বিরোধী জোটে ভাঙন ধরানো বা দূরত্ব তৈরির চেষ্টা করছে’ (সমকাল, ২৩ নভেম্বর ২০২৬)।
অন্যদিকে এনসিপি নেতারাও ওই বৈঠক নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি। সমকালের প্রতিবেদন অনুসারে, এনসিপি নেতারা মনে করেন, ওই বৈঠকের মাধ্যমে বিএনপি ও জামায়াতের পর এনসিপি যে তৃতীয় বৃহত্তম দল– তা নাকি স্বীকৃত হয়েছে।
বড় কথা হলো, ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোট নিয়ে বিএনপি ও জামায়াত কয়েক দিন আগ পর্যন্ত যত কথা বলেছে, সেগুলো স্মৃতিতে বেশ সতেজ। জামায়াত ও এনসিপি তো গণভোটের রায় বাস্তবায়নকে তাদের প্রধান দাবিতে পরিণত করেছে। আওয়ামী লীগ ঠেকাতে গিয়ে তারা কি দাবিটিকে চাপা পড়তে দেবে? সম্ভবত এ কারণেই বিরোধী জোট ১১ দলের শরিকরা রাজপথে শক্তি দেখানোর কর্মসূচি দিলেও ঐক্যের জন্য আনুষ্ঠানিক সংলাপে বসতে গণভোটের ফল অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ নানা শর্ত দিয়েছে।
সংলাপের ধরন ও দিনক্ষণ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়তো মিটে যাবে। কিন্তু ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের সিদ্ধান্ত সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া তারা কোনো ঐক্যে যাবেন না, তার ফয়সালা কীভাবে হবে?
ক্ষমতা গ্রহণের পর মাত্র ৯ মাস গেলেও আইনশৃঙ্খলা, অর্থনীতিসহ প্রায় সব ক্ষেত্রে বিএনপি সরকার তালগোল পাকিয়ে ফেলেছে। বিএনপির সঙ্গে ঐক্য করলে তার দায়ভার রাজনীতির চিরাচরিত সূত্র মেনে জামায়াত-এনসিপিরও ঘাড়ে পড়বে– এতে সন্দেহ নেই। সর্বোপরি এতে যদি ‘অদৃশ্য’ বিরোধী শক্তি দ্রুতই দৃশ্যমান হয়ে যায়, তাতেও কি বিস্ময়ের কিছু থাকবে?
সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল
- বিষয় :
- সাইফুর রহমান তপন