ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রাইটটার্ন

টাকার হাতবদল ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়াবে না

টাকার হাতবদল ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়াবে না
×
×

মোহাম্মদ গোলাম নবী

মোহাম্মদ গোলাম নবী

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ০৭:৩৮

| প্রিন্ট সংস্করণ

গত এক বছরে দেশে ফ্ল্যাট বিক্রি কমেছে প্রায় ৩৫ শতাংশ। একই সময়ে রড, সিরামিক পণ্য, বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রি কমেছে যথাক্রমে ৪৫, ৩০ ও ৫০ শতাংশ। শিল্প-সংশ্লিষ্টদের বরাতে সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যায়, আবাসন খাতের সঙ্গে যুক্ত ২৬৯টি সহযোগী শিল্পের সবটাতেই মন্দা যাচ্ছে। চাকরি হারাচ্ছে মানুষ। এই পরিসংখ্যান শুধু আবাসন শিল্পের সংকট নয়। দেশের অভ্যন্তরীণ বাজারে সব ধরনের পণ্যের কেনাবেচা কমে যাওয়ার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। যাদের কাছ থেকে নিয়মিত বাজার করি, তারাও চিন্তিত। উদ্বেগ শুধু ক্রেতা কমে যাওয়া নিয়ে নয়; নিয়মিত ক্রেতাদের কেনাকাটাও কমে গেছে।
পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী, দেশে পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান মেরামত-সংশ্লিষ্ট অর্থনৈতিক ইউনিট প্রায় ৪৯ লাখ। এসব কর্মকাণ্ডে নিয়োজিত প্রায় ৮২ লাখ মানুষ। আবাসন শিল্পের সঙ্গে জড়িত আরও ৫০ লাখ পরিবার। এদিকে ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, মোট খানার সংখ্যা ৪ কোটি ১০ লাখ। এই বিপুল জনগোষ্ঠীর দৈনন্দিন কেনাবেচাই দেশের অভ্যন্তরীণ বাজার সচল রাখে। সেখানে ভাটা লেগেছে।

মনে রাখতে হবে, বাংলাদেশের অর্থনীতির বড় চালিকাশক্তি অনানুষ্ঠানিক খাত। পাড়ার মুদি দোকান, কাঁচাবাজার, ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, নির্মাণ শ্রমিকসহ অসংখ্য স্বনিয়োজিত মানুষ এর অংশ। এই অর্থনীতির প্রাণশক্তি টাকার ক্রমাগত হাতবদল। একজনের ব্যয় আরেকজনের আয়। একজনের আয় কমলে প্রভাব পড়ে আরেকজনের ব্যবসায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি চ্যালেঞ্জপূর্ণ সময়ে ক্ষমতায় এসেছেন। একদিকে শেখ হাসিনার শাসনামলে নেওয়া ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ; দুর্নীতি ও অপচয়ের অভিযোগ; অন্যদিকে ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা। কিন্তু সাধারণ মানুষ কত দিন এসব ব্যাখ্যা শুনবে? দোকানদার চান নিয়মিত ক্রেতারা আগের মতো কেনাকাটা করুন। শ্রমিক চান নিয়মিত কাজ। পরিবার চায় মাসের আয়ে সংসার চালাতে।

অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে প্রচলিত চিন্তার বাইরে যেতে হবে। সীমিত ভূখণ্ডে বিপুল জনগোষ্ঠী আমাদের উন্নয়নের বাস্তবতাকে অনেক দেশ থেকে আলাদা করেছে। অন্ন-বস্ত্র-বাসস্থান মানুষের মৌলিক চাহিদা। আবাসনকে ঢালাওভাবে অনুৎপাদনশীল খাত বিবেচনার সুযোগ নেই। এই খাত অর্থনীতি পুনরুদ্ধারেও কাজে লাগতে পারে।
শুধু ঢাকা ও আশপাশে এক লাখ ১০ তলা আবাসিক ভবন নির্মাণ কর্মসূচির কথা ভাবা যাক। প্রতি তলায় এক হাজার বর্গফুটের তিন থেকে চারটি ইউনিট হলে মোট সংখ্যা ৩০ থেকে ৪০ লাখ। অর্থাৎ শুধু আবাসিক ইউনিটের মোট আয়তন হবে ৩০০ থেকে ৪০০ কোটি বর্গফুট।

প্রতি বর্গফুটে গড়ে তিন হাজার টাকা নির্মাণ ব্যয় ধরলে শুধু আবাসিক জমির নির্মাণ ব্যয় দাঁড়ায় ৯ থেকে ১২ লাখ কোটি। জমি, কমন স্পেস, অবকাঠামো ও অর্থায়ন ব্যয় বাদ দিয়ে এটি প্রাথমিক হিসাব। তিন বছরে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হলে বছরে গড়ে তিন থেকে চার লাখ কোটি টাকার নির্মাণ কার্যক্রমের সুযোগ তৈরি হতে পারে। কারণ এই বিপুল নির্মাণ কার্যক্রমের সঙ্গে রড, সিমেন্ট, ইট, বালু, পাথর, পরিবহন, বৈদ্যুতিক সরঞ্জাম, স্যানিটারি পণ্য, রং, দরজা-জানালাসহ আসবাব– কত ধরনের শিল্প ও ব্যবসা জড়িত! এর সঙ্গে রয়েছেন নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি মিস্ত্রি, প্রকৌশলী, স্থপতি এবং ক্ষুদ্র উদ্যোক্তা।

নির্মাণ খাতে কাজ বাড়লে শ্রমিকের আয় বাড়বে। সেই শ্রমিক বাজার থেকে মাছ, মাংস, চাল, ডাল, সবজি কিনবেন। দোকানদার আবার অন্যের পণ্য ও সেবা কিনবেন। এভাবেই বিনিয়োগের টাকা বিভিন্ন হাত ঘুরে অর্থনীতির নানা স্তরে পৌঁছাবে। অর্থনীতিতে একে বলা হয়, ‘মাল্টিপ্লায়ার ইফেক্ট’ বা গুণক প্রভাব। এখানেই বড় বিনিয়োগের সঙ্গে অনানুষ্ঠানিক অর্থনীতির সংযোগ।
প্রশ্ন হচ্ছে, এত টাকা কোথা থেকে আসবে? সরকার এমন সহায়ক নীতি ও অর্থায়ন কাঠামো তৈরি করবে, যাতে দেশের অভ্যন্তরে এবং বাইরে থাকা বাংলাদেশিদের বিনিয়োগযোগ্য পুঁজি আবাসন খাতে আসে। বিদেশি ব্যাংকগুলো থেকেও স্বল্প সুদে ঋণ নেওয়ার কথা ভাবা যায়। এ ছাড়া সরকার দেশের মধ্যেও একটি পৃথক আবাসন তহবিল গঠন করতে পারে। ব্যাংকগুলোর মাধ্যমে ৫ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি আবাসন ঋণের ব্যবস্থা করা যেতে পারে। এখানে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনকে শক্তিশালী করা যেতে পারে। 

প্রবাসী বাংলাদেশিদের আবাসন খাতে বিনিয়োগের জন্য বিশেষ সুযোগ তৈরি করা যেতে পারে। দেশের অভ্যন্তরের বৈধ কিন্তু অপ্রদর্শিত অর্থকে বিনিয়োগে নিয়ে আসার জন্য করব্যবস্থায় বড় সংস্কারের কথাও ভাবা যেতে পারে। ব্যক্তিগত কর আদায় দেশে সামান্যই। বরং এই সুযোগে ব্যক্তিগত কর আদায় বন্ধ করে ভ্যাটের পরিধি বড় করা যেতে পারে।
আমার ধারণা, সরকার বিশ্বাসযোগ্য কর্মপরিকল্পনা নিয়ে এগোলে জমির মালিক, ডেভেলপার, ব্যাংক, নির্মাণসামগ্রীর উৎপাদক, সরবরাহকারী, প্রকৌশলী, ঠিকাদার ও সম্ভাব্য ক্রেতাদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হতে পারে। এতে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডও শুরু হবে। 

দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ জরুরি। কিন্তু শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থনীতিতে গতিশীলতা ফিরে আসবে না। নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শিল্পকারখানার উৎপাদন ও ব্যবসায়ীদের বিক্রি বাড়াতে হবে। আবাসন খাতকে চাঙ্গা করার মাধ্যমে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ রয়েছে।
আমাদের উন্নয়ন দর্শনের কেন্দ্রে থাকতে হবে দেশের মানুষ ও তাদের প্রয়োজন। মানুষের প্রয়োজনকে বিনিয়োগের সুযোগে; বিনিয়োগকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে মানুষের ক্রয়ক্ষমতায় রূপান্তর করতে হবে।
আমার পরিচিত বাজারের ব্যবসায়ীরা অর্থনীতির জটিল তত্ত্ব বোঝেন না। শুধু চান, পুরোনো ক্রেতারা আগের মতো কেনাকাটা করুন। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর দৃশ্যমান লক্ষণ সেটিই। টাকার হাতবদল ছাড়া থমকে যাওয়া অর্থনীতি সচল হবে না। 

nমোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক;
প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন

আরও পড়ুন

×