ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

অন্যদৃষ্টি

তরুণদের নিয়ে আমরা ভাবছি কি?

তরুণদের নিয়ে আমরা ভাবছি কি?
×
×

তরুণদের উন্নয়নকে শুধু চাকরির প্রস্তুতি বা কারিগরি প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই।

শারীফ অনির্বাণ

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ০৭:৩৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ | ১১:০৭

| প্রিন্ট সংস্করণ

তুরস্কের কৃষ্ণসাগরীয় পাহাড়ি অঞ্চল রিজে’তে গত সপ্তাহে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত চার দিনব্যাপী তরুণদের বই পড়াবিষয়ক একটি আবাসিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। ‘বই কখনও পুরোনো হয় না’ শিরোনামের ‘গেঞ্চ কিতাপলার ক্যাম্প’টিতে তুরস্কের নানা প্রান্ত থেকে নির্বাচিত ১৮-২৫ বছর বয়সী প্রায় ১০০ তরুণ-তরুণী এক হয়েছিলেন। সমুদ্রের কোলঘেঁষা পাহাড়চূড়ায় আয়োজিত সে ক্যাম্পে সাহিত্য আলোচনা, চলচ্চিত্র বিশ্লেষণ, থিয়েটার, ডিজিটাল কনটেন্ট নির্মাণ এবং প্রকৃতির মাঝে হাইকিংয়ের মতো নানা কার্যক্রমে যুক্ত হওয়ার অভিজ্ঞতা হয়েছে। সেখানে অংশ নেওয়া টার্কিশ তরুণের ভিড়ে তিনজন বিদেশি প্রতিনিধির একজন হিসেবে আয়োজনের যে বিষয়টি আমাকে গভীরভাবে ভাবিয়েছে, তা হলো তরুণদের শেখার পরিসর তৈরির প্রাতিষ্ঠানিক আন্তরিকতা ও স্পষ্ট পরিকল্পনা। মঞ্চে কোনো পঁচিশোর্ধ্ব ব্যক্তি নেই; উপস্থাপক, প্যানেল আলোচক, পারফরমার সবাই তাগড়া জোয়ান। কোনো একপেশে বক্তৃতা নয়; বরং পাঠ, শিল্প ও মতবিনিময়ের মধ্য দিয়ে তরুণরাই নিজেদের সুস্পষ্ট ও আউটপুটনির্ভর গঠনমূলক মত প্রকাশ করছিলেন।

তুরস্ক সরকারের আমন্ত্রণে ডক্টরাল গবেষণায় যোগদানের সুবাদে প্রায়ই এ ধরনের কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ হয়। তাদের প্রোগ্রামে অংশগ্রহণের অভিজ্ঞতায় যে মৌলিক প্রশ্ন আমার মনে সব সময় উঁকি দেয়: রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ ও সুষম বিকাশ নিয়ে কতটা সুনির্দিষ্ট পরিকল্পনা করছি?

বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের হিসাব অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার প্রায় ৬৬ শতাংশ কর্মক্ষম বয়সী (১৫ থেকে ৬৪ বছর) এবং ১০ থেকে ২৪ বছর বয়সীরা মোট জনগোষ্ঠীর প্রায় ২৮ শতাংশ (ইউএনএফপিএ, ২০২৫)। সংখ্যার এই সম্ভাবনাকে অর্থনৈতিক সম্পদে রূপান্তর করতে হলে দরকার সুনির্দিষ্ট শিক্ষা, প্রায়োগিক দক্ষতা ও নাগরিক হিসেবে গড়ে ওঠার পরিবেশ। এটি স্বয়ংক্রিয়ভাবে অর্জিত হয় না।

বাস্তবতা হলো, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা এখনও পরীক্ষা, গ্রেড এবং সনদের বৃত্তে বন্দি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপের তথ্যে দেখা যায়, ১৫ থেকে ২৯ বছর বয়সীদের বেকারত্বের হার ৮.৪৯ শতাংশ এবং শহরাঞ্চলে তা ১৩.২৭ শতাংশ (বাপব্যু, ২০২৪)।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, উচ্চশিক্ষিতদের মধ্যে এই বেকারত্বের হার আশঙ্কাজনকভাবে বেশি (আইএমএফ, ২০২৬)। এর মূল কারণ কেবল কর্মসংস্থানের অভাব নয়, বরং শিক্ষাব্যবস্থা ও শ্রমবাজারের চাহিদার মধ্যকার কাঠামোগত দূরত্ব। সনদ অর্জনের পরও অনেক তরুণ কর্মক্ষেত্রের উপযোগী যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং পেশাগত আত্মবিশ্বাসের ঘাটতিতে পিছিয়ে পড়ছেন।

তরুণদের উন্নয়নকে শুধু চাকরির প্রস্তুতি বা কারিগরি প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। চিন্তাশক্তি, মানবিক বোধ, সহমর্মিতা, সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং নাগরিক দায়িত্বের সমন্বয়েই একজন দায়িত্বশীল মানুষ তৈরি হয়। এই জায়গাতেই উপানুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক শিক্ষার এক শক্তিশালী পরিপূরক হিসেবে কাজ করতে পারে। পরিকল্পিত কর্মশালা, পাঠচক্র, বিতর্ক, চলচ্চিত্র নির্মাণ, নাট্যচর্চা ও সামাজিক কাজের মাধ্যমে শ্রেণিকক্ষের বাইরের অভিজ্ঞতা থেকে বাস্তব জীবনের পাঠ নিশ্চিত করা যায়। প্রবাসের সাম্প্রতিক সেই ক্যাম্পের বড় শিক্ষা ছিল: তরুণদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে তাদের নিজস্ব মতপ্রকাশ ও যৌথ কাজের স্বাধীনতা দিলে শেখার প্রক্রিয়া অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে।

বড় পরিবর্তনের জন্য সব সময় বিশাল ব্যয়ের প্রয়োজন হয় না। প্রয়োজন সুস্পষ্ট লক্ষ্য, দায়িত্বশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং তরুণদের সক্ষমতায় আস্থা রাখা। একটি বইয়ের আলোচনা, একটি চলচ্চিত্র তৈরির যৌথ প্রয়াস কিংবা যুবনেতৃত্বের একটি ছোট প্রকল্পও একজন তরুণের ভাবনার জগৎকে আমূল বদলে দিতে পারে। সমাজকে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য নিয়ে তরুণদের কেবল নিয়ন্ত্রণের দৃষ্টিতে না দেখে তাদের প্রস্তুত করার সম্মিলিত দায়িত্ব রাষ্ট্র ও সমাজকে নিতেই হবে।

শারীফ অনির্বাণ: শিক্ষা গবেষক ও চলচ্চিত্র নির্মাতা
[email protected]

আরও পড়ুন

×