ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক

কপ৩১ ব্যর্থ, জলবায়ু রাজনীতি সফল

কপ৩১ ব্যর্থ, জলবায়ু রাজনীতি সফল
×
×

ইলান কাপুর

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ০৭:৩৭

| প্রিন্ট সংস্করণ

প্রায় ২০০টি দেশ চূড়ান্ত জলবায়ু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় রোববার তুরস্কের আনতালিয়ায় কোনো ধরনের সামগ্রিক সমঝোতা ছাড়াই কপ৩১ শেষ হয়েছে। প্রস্তাবিত খসড়ায় বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানির নামটুকুও উল্লেখ করা যায়নি। ইউরোপীয় ইউনিয়ন, বেশ কয়েকটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র এবং অন্যান্য সরকার এটি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে তেল উৎপাদনকারী দেশগুলো আরও কঠোর ভাষায় বিরোধিতা করেছে। তিন দশকের বার্ষিক সম্মেলনের পর ২০০৯ সালের পর থেকে এটিই প্রথম এমন অচলাবস্থা। একে কূটনীতির এক নজিরবিহীন ব্যর্থতা মনে করা সহজ। এই ভেঙে পড়া আরও গভীর একটি বাস্তবতাকে সামনে আনে।

অর্থবহ জলবায়ু পদক্ষেপের জন্য যে অর্থনৈতিক পরিবর্তনগুলো জরুরি, সেগুলো এড়িয়ে সরকারগুলোকে আলোচনার টেবিলে বসিয়ে রাখতে জলবায়ু আলোচনাগুলো দারুণভাবে কার্যকর প্রমাণিত হয়েছে। এই ব্যবস্থাটি আক্ষরিক অর্থেই কোনো চুক্তি না করার জন্য তৈরি নয়; বরং এমন শক্তিশালী স্বার্থগুলোকে জায়গা করে দেওয়ার জন্য তৈরি, যারা নির্ধারণমূলক কোনো সিদ্ধান্ত আটকে দেওয়ার ক্ষমতা রাখে।
আনতালিয়ায় কী ঘটেছে, তা ভেবে দেখুন। চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন আপত্তি তুলেছে। অথচ এই বাদ পড়া কোনো করণিক ভুল ছিল না। আলোচনা যত এগিয়েছে; তেল-গ্যাস-কয়লা থেকে সরে আসার আগের ভাষা ততই দুর্বল করা হয়েছে। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮-এ জ্বালানি ব্যবস্থায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার যে সমঝোতা হয়েছিল, তা কীভাবে বাস্তবায়ন করা হবে– সে বিষয়ে সম্মেলন একমত হতে পারেনি। যেখান থেকে পদক্ষেপ শুরু হওয়ার কথা ছিল, সেখানেই কূটনীতি থমকে গেছে।

এই স্ববিরোধিতা আলোচনার প্রক্রিয়ার ভেতরেই গাঁথা। প্যারিস চুক্তির আওতায় সরকারগুলো নিজেরাই নিজেদের নির্গমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কোনো দেশকে জীবাশ্ম জ্বালানি উৎপাদন সম্প্রসারণ থেকে বিরত রাখতে বাধ্য করার মতো বলবৎযোগ্য ব্যবস্থা নেই। কপ-এর সিদ্ধান্তগুলোও ঐকমত্যের ওপর নির্ভরশীল। ফলে অনড় অবস্থানে থাকা দেশগুলো বেশ বড় ধরনের দরকষাকষির সুবিধা পায়। এর ফল দাঁড়ায় এমন এক আন্তর্জাতিক ফোরাম, যেখানে সবচেয়ে অনিচ্ছুক অংশীদাররাই ঠিক করে দেয় বাকিরা কী বলতে পারবে আর কী করতে পারবে, তা তো দূরের কথা।

এর মানে এই নয়, সব দেশ সমানভাবে দায়ী। আবার এর অর্থ এটাও নয়, প্রতিটি কপ সম্মেলন কিছুই অর্জন করতে পারেনি। আনতালিয়া সম্মেলন নিজেও অন্যান্য বিষয়ে সীমিত কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে ন্যায্য রূপান্তর বা জাস্ট ট্রানজিশন-সংক্রান্ত একটি সিদ্ধান্তও রয়েছে। কিন্তু জীবাশ্ম জ্বালানি উত্তোলন কমিয়ে আনার বিশ্বাসযোগ্য সময়সূচির বিকল্প এই অর্জনগুলো হতে পারে না। 
আসলে জীবাশ্ম জ্বালানির ক্ষমতা সম্মেলন কক্ষের অনেক বাইরেও কাজ করে। উৎপাদনকারী দেশগুলো নিজেদের রাজস্ব ও ভূ-রাজনৈতিক প্রভাব রক্ষা করে। আর ভোক্তা দেশগুলো সস্তা জ্বালানি ও প্রতিষ্ঠিত অবকাঠামোর ওপর নির্ভর করে চলে। যে সরকারগুলো জলবায়ু উচ্চাকাঙ্ক্ষার কথা জোরেশোরে বলে, তারাও তাৎক্ষণিক খরচ থেকে নিজেদের শিল্প ও ভোটারদের বাঁচানোর তাগিদে থাকে। তাই বৈশ্বিক জ্বালানি রূপান্তর কেবল একটি প্রযুক্তিগত সমস্যা নয়। এটি হলো কারা সম্পদ, মুনাফা ও ক্ষমতা ছাড়বে; তা নিয়ে এক লড়াই।

প্রযুক্তিগত প্রতিশ্রুতির আকর্ষণও এখান থেকে বোঝা যায়। ব্যর্থ আনতালিয়া খসড়ায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণায়ন সামাল দিতে কার্বন অপসারণ প্রযুক্তির প্রচার চালানো হয়েছিল; আর কার্বন ক্যাপচার ও স্টোরেজ নিয়েও মতবিরোধ ছিল। যেসব খাতে নির্গমন কমানো কঠিন, সেগুলোর নির্গমন কমাতে বা পুষিয়ে দিতে এমন উদ্যোগের সীমিত ভূমিকা থাকতে পারে। কিন্তু উত্তোলন কমানোর বিকল্প হিসেবে এগুলোকে তুলে ধরলে সরকার ও করপোরেশনগুলো এই প্রতিশ্রুতি দেওয়ার সুযোগ পায়– নির্গমন চালিয়ে যাওয়ার ফলে যে ক্ষতি হবে, ভবিষ্যতের যন্ত্রপাতি তা সারিয়ে তুলবে। এতে রাজনৈতিক লাভ তাৎক্ষণিক, কিন্তু প্রতিশ্রুত বায়ুমণ্ডলীয় লাভ অনিশ্চিতই থেকে যায়। কপ৩১-এর ব্যর্থতা একটি সতর্কবার্তা– জলবায়ু কূটনীতি হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে বলে নয়, বরং এর সীমাবদ্ধতাগুলো আড়াল করা অসম্ভব হয়ে পড়েছে বলে।
 
ইলান কাপুর: কানাডার টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব এনভায়রনমেন্টাল অ্যান্ড আরবান চেঞ্জ-এর ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক; আলজাজিরা থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম

আরও পড়ুন

×