ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ব্যাংক উদ্ধার প্রস্তাব

‘রাষ্ট্রায়ত্তকরণ’ সমাধান নহে

‘রাষ্ট্রায়ত্তকরণ’ সমাধান নহে
×
×

সম্পাদকীয়

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ০৭:৩৮

| প্রিন্ট সংস্করণ

সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নিকট যেই উদ্ধার পরিকল্পনা দিয়াছে, উহা সংগত কারণেই প্রশ্নের জন্ম দিয়াছে। মঙ্গলবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুসারে, ব্যাংকটির মোট ১৩টি প্রস্তাবের অন্যতম ছয় সহস্র কোটি টাকার বিনিময়ে সরকার কর্তৃক ব্যাংকটির প্রায় ৭৯ শতাংশ মালিকানা গ্রহণ এবং প্রতিবৎসর ১৫ সহস্র কোটি টাকা হিসাবে পাঁচ বৎসরে মোট ৭৫ সহস্র কোটি টাকা ধার প্রদান। এই দুই প্রস্তাব বেসরকারি ব্যাংকটিকে কার্যত রাষ্ট্রায়ত্তকরণের নামান্তর। প্রসঙ্গত, গত জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ৯৯ সহস্র কোটি টাকা বা মোট ঋণের ৫২ শতাংশ। একই সময় পর্যন্ত উহার প্রভিশন ঘাটতি ছিল মোট ৮২ সহস্রাধিক কোটি টাকা। চলতি বৎসরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটি রেকর্ড তিন সহস্রাধিক কোটি টাকার লোকসানও গুনিয়াছে। এহেন পরিস্থিতিতে ব্যাংকটিকে কার্যত রাষ্ট্রায়ত্তকরণের যুক্তি কী? বিশেষত যখন রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংকই নানাবিধ সমস্যায় ধুঁকিতেছে। গত জুন নাগাদ এই ব্যাংকগুলির সম্মিলিত মূলধন পর্যাপ্ততার অনুপাত ছিল শূন্য দশমিক ৮২ শতাংশ, যেখানে ন্যূনতম শর্ত ১০ শতাংশ। আর উহাদের ঋণের ৪৩ শতাংশ খেলাপি। দশকের পর দশক সুশাসন ও দক্ষ ব্যবস্থাপনার ঘাটতির মধ্যে ব্যাপক দলীয়করণ ও লুটপাটের শিকার হওয়ার কারণেই যে ব্যাংকগুলি দুর্দশায় পতিত হইয়াছে, উহাতে সন্দেহ নাই। আলোচ্য প্রস্তাবটি গৃহীত হইলে এই তালিকায় আরেকটি ব্যাংক যুক্ত হইবে মাত্র। রাষ্ট্রীয় মালিকানার সুযোগ লইয়া নূতন প্রভাবশালী গোষ্ঠী যে ব্যাংকটির নিয়ন্ত্রণ কবজা করিবে না– সেই নিশ্চয়তাই-বা কে দিতে পারে?

৭৫ সহস্র কোটি টাকার সরকারি সহায়তার প্রস্তাবও সতর্কতার সহিত বিবেচনাযোগ্য। আমরা জানি, ইতোপূর্বে একাধিক বেসরকারি ব্যাংককেই এইভাবে বাঁচানোর চেষ্টা শেষ পর্যন্ত বিপুল অর্থের অপচয়ই হইয়া দাঁড়াইয়াছে। ২০১৯ সালে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিপুল অর্থ সহায়তার মাধ্যমে দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংককে উদ্ধারের প্রয়াস চালাইলেও ছয় বৎসর চেষ্টার পরও ব্যাংকটির মোট ঋণ ৯১ শতাংশের অধিক খেলাপি ছিল। ইসলামী ব্যাংককে তারল্য সংকট কাটাইয়া উঠিতে কেন্দ্রীয় ব্যাংক ইতোমেধ্য যেই ১৩ সহস্র কোটি টাকা প্রদান করিয়াছে, উহার ফল কি পর্যালোচনা হইয়াছে? বলা বাহুল্য, ব্যাংকটির অবস্থা বর্তমানে এমন অবস্থায় উপনীত, তাৎক্ষণিক তারল্য সহায়তা ছাড়া অবস্থার অবনতি বৈ উন্নতি ঘটিবার সম্ভাবনা ক্ষীণ।

অস্বীকারের উপায় নাই, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংকটি এক যুগ পূর্বেও বৃহত্তম বেসরকারি ব্যাংকের মর্যাদা ভোগ করিয়াছে। প্রবাসী আয় আহরণে ইহার কৃতিত্বের কোনো তুলনা ছিল না। ইহাকে বাঁচাইয়া রাখিতে না পারিলে দেশের ব্যাংক খাতে নেতিবাচক বার্তা যাইবে; সামগ্রিক অর্থনীতির জন্যও যাহা শুভ হইবে না। তবে এই ক্ষেত্রে সরকারি অর্থ সহায়তা হইতে পারে সর্বশেষ হাতিয়ার। বর্তমানে বরং বিনিয়োগকারী ও আমানতকারীদের আস্থা ফিরাইয়া আনিতে প্রথমেই প্রয়োজন সকল প্রকার রাজনৈতিক সংশ্লিষ্টতা হইতে উহাকে মুক্ত করিয়া সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা। ব্যাংকটির খেলাপি ঋণ ৯৯ সহস্র কোটি টাকা আদায়, তৎসহিত অন্যান্য ব্যাংকে আটকাইয়া থাকা প্রায় ১৪ সহস্র কোটি টাকা ফেরতের লক্ষ্যে কার্যকর পদক্ষেপও জরুরি। সর্বোপরি বেসরকারি খাতে রাখিয়াই নিরাপদ হস্তে তুলিয়া দেওয়া হইতে পারে ব্যাংকটিকে রক্ষার সর্বোত্তম উপায়।

আরও পড়ুন

×