ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চারদিক

সিসার বিষে ভবিষ্যৎ প্রজন্ম

সিসার বিষে ভবিষ্যৎ প্রজন্ম
×
×

মো. আবু তালেব

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১০:৪৭

দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নীরব বিপদ হয়ে উঠেছে সিসাদূষণ। এই দূষণ চোখে দেখা যায় না। এর গন্ধ নেই। তাৎক্ষণিকভা শরীরে বড় কোনো লক্ষণও দেখা যায় না। কিন্তু ধীরে ধীরে এটি মানুষের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, কিডনি ও হৃদযন্ত্রের ক্ষতি করে। বিশেষ করে শিশুদের জন্য সিসা অত্যন্ত বিপজ্জনক। তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, স্মৃতিশক্তি, মনোযোগ এবং শেখার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই ক্ষতির অনেকটাই স্থায়ী। অর্থাৎ শৈশবে সিসার বিষ শরীরে প্রবেশ করলে তার প্রভাব সারাজীবন বয়ে বেড়াতে হতে পারে। তাই সিসাদূষণ এখন শুধু পরিবেশগত সমস্যা নয়। এটি জনস্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং জাতীয় অর্থনীতির জন্যও বড় হুমকি।

দেশের সিসাদূষণের চিত্র অত্যন্ত উদ্বেগজনক। ইউনিসেফ ও পিওর আর্থের ২০২০ সালের প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশে প্রায় তিন কোটি ৫৫ লাখ শিশুর রক্তে প্রতি ডেসিলিটারে ৫ মাইক্রোগ্রাম বা তার বেশি মাত্রায় সিসা রয়েছে। আক্রান্ত শিশুর সংখ্যার বিচারে বাংলাদেশ তখন বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়। পরবর্তী সময়ে পরিস্থিতি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে অনুযায়ী, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩৮ দশমিক ৪ শতাংশের রক্তে সিসার মাত্রা নির্ধারিত সীমার সমান বা বেশি। এসব শিশুর রক্তে সিসার গড় মাত্রা প্রতি ডেসিলিটারে ৫ দশমিক ২১ মাইক্রোগ্রাম।

একই জরিপে অন্তঃসত্ত্বাদের ৭ দশমিক ৫ শতাংশের রক্তেও সিসার উচ্চমাত্রা পাওয়া গেছে। এটি জাতীয় জনস্বাস্থ্যের সংকট।

আরও উদ্বেগের বিষয়, ঢাকা বিভাগে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের প্রায় ৬৫ শতাংশের রক্তে সিসার উচ্চমাত্রা পাওয়া গেছে। বিপরীতে রাজশাহী বিভাগে এ হার প্রায় ১৬ শতাংশ। অঞ্চলভেদে এমন পার্থক্য দূষণের উৎস চিহ্নিত করে এলাকাভিত্তিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা স্পষ্ট করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সিসার এমন কোনো মাত্রা জানা নেই, যা মানবদেহের জন্য সম্পূর্ণ নিরাপদ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সামান্য সিসাও বুদ্ধিবৃত্তিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সিসা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। শিশুদের বুদ্ধিমত্তা কমে যেতে পারে। মনোযোগ ধরে রাখার ক্ষমতা দুর্বল হতে পারে। আচরণগত সমস্যা দেখা দিতে পারে। পড়াশোনায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। অন্তঃসত্ত্বার শরীরে সিসা থাকলে তা গর্ভের শিশুর মধ্যেও পৌঁছাতে পারে। ফলে অনাগত শিশুর বিকাশও ঝুঁকিতে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২০২৩ সালে বিশ্বে সিসার সংস্পর্শের কারণে ৩৫ লাখের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এর প্রধান কারণ ছিল হৃদরোগ ও রক্তনালির ক্ষতি। প্রশ্ন হলো, আমাদের পরিবেশে সিসা আসছে কোথা থেকে? এর অন্যতম বড় উৎস পুরোনো ও ব্যবহৃত সিসা-এসিড ব্যাটারির অনিরাপদ পুনঃপ্রক্রিয়াজাতকরণ। দেশের বিভিন্ন স্থানে অনুমোদনহীন ও ছোট ছোট কারখানায় পুরোনো ব্যাটারি ভাঙা হয়। সেখান থেকে সিসা ও বিষাক্ত ধোঁয়া বাতাসে ছড়ায়। এতে মাটি ও পানি দূষিত হয়। এসব কারখানার আশপাশে বসবাসকারী মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। অনেক ক্ষেত্রে শিশুদের খেলার জায়গা, বাড়ির উঠান কিংবা কৃষিজমিও দূষিত হয়ে পড়ে। দূষিত মাটি ও ধুলাবালি হাতের মাধ্যমে শিশুদের শরীরে প্রবেশ করে। দূষিত পানি ও খাদ্যের মাধ্যমেও সিসা মানুষের শরীরে পৌঁছায়।

আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ। তাদের মস্তিষ্ক, মেধা ও সুস্থ বিকাশ রক্ষা করা মানে দেশের ভবিষ্যৎ রক্ষা করা। সিসার বিষ কোনো রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক বিভাজন মানে না। এটি ধনী-গরিব সবার জন্যই বিপজ্জনক।

ড. মো. আবু তালেব: অধ্যাপক (কৃষি) ও সাবেক ডিন, কৃষি ও পল্লি উন্নয়ন অনুষদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

×