মাদক ব্যবসায়ীদের দ্রুত জামিন
আইন প্রয়োগে সক্ষমতা ও সদিচ্ছা চাহি
সম্পাদকীয়
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১০:৫৩
ময়মনসিংহে গ্রেপ্তারের পর দ্রুত জামিনে মুক্ত হইয়া মাদক ব্যবসায়ীরা পুনরায় একই ব্যবসায় সংশ্লিষ্ট হইবার যেই চিত্র শনিবার সমকালের প্রতিবেদনে উঠিয়া আসিয়াছে, উহা উদ্বেগজনক হইলেও বিস্ময়কর নহে। ময়মনসিংহের বাহিরে দেশের অন্যত্র এই কারণে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বা পুলিশের মাদকবিরোধী অভিযান নিষ্ফল থাকিয়া যাইতেছে এবং নেশাদ্রব্যের ব্যবসাও নির্বিঘ্নে ছড়াইতেছে। অবশ্য প্রক্রিয়াটি কীভাবে সংঘটিত হইয়া থাকে, উহা বুঝিতে এই জেলার চিত্র সহায়ক হইতে পারে।
কোতোয়ালি, ঈশ্বরগঞ্জ, মুক্তাগাছা ও ত্রিশাল– চার থানার ৫০টি মাদক মামলার তথ্য বিশ্লেষণ করিয়া সমকাল জানিতে পারিয়াছে, ৪৭টিতেই আসামিরা জামিনে কারাগারের বাহিরে রহিয়াছে; তন্মধ্যে ৩২ মামলার আসামিরা কারাগারে যাইবার দেড় মাসের কম সময়ে জামিন পাইয়াছে। এই পরিস্থিতিতে জেলা ও রেঞ্জ পুলিশের কর্মকর্তারা এই মর্মে খেদোক্তি করিয়াছেন– পুলিশ মাদকবিরোধী অভিযানে নিয়মিত আসামিদের ধরিয়া আদালতে সোপর্দ করিলেও আইনের মারপ্যাঁচে উহারা দ্রুত বাহিরে চলিয়া আসিতেছে। তাহাদের মতে, জামিনের সহজ প্রক্রিয়া বন্ধে কঠোর নজরদারি বৃদ্ধি না করিলে মাদকের বিস্তার রোধ অসম্ভব। অন্যান্য জেলাতেও আইন প্রয়োগকারী সংস্থাগুলি এই সমস্যা মোকাবিলায় তাহাদের ব্যর্থতার জন্য ‘দ্রুত ও সহজ প্রক্রিয়ায়’ প্রাপ্ত জামিনকেই দায়ী করিয়া থাকে। তদুপরি উহাদের এহেন অজুহাত অতীতেও বিভিন্ন সরকারের সময় শোনা গিয়াছে।
স্বীকার করিতে হইবে, অভিযোগ যত গুরুতর হউক, আইনের শাসনের বিধান হইল, কোনো অভিযুক্তই দীর্ঘ সময় বিনা বিচারে কারাভোগ করিবে না। অধিকন্তু বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত নাগরিকের জামিনপ্রাপ্তি আইনগত অধিকার। আর অজামিনযোগ্য অপরাধেও আদালত ইচ্ছা করিলে যেই কোনো অভিযুক্তকে যেই কোনো সময় জামিন দিতে পারেন। অতএব মাদক মামলার আসামিরা জামিন পাইতেই পারে। তবে প্রতিবেদনে উদ্ধৃত আইনজীবীর এই বক্তব্যও প্রণিধানযোগ্য, তদন্ত কর্মকর্তাদের দুর্বল অভিযোগপত্র, জব্দ তালিকায় ত্রুটি এবং সাক্ষীদের যথাসময়ে আদালতে হাজির করিতে না পারিবার সুযোগ লইয়া আসামিরা দ্রুত জামিন পাইয়া থাকে। অপরাধী ও পুলিশের অসাধু সদস্যদের মধ্যে অশুভ আঁতাতের কথাও সর্বজনবিদিত। এমনকি এহেন অশুভ আঁতাতের মধ্যে বিভিন্ন সময়ে বিচার প্রক্রিয়ায় যুক্ত অনেকে রহিয়াছেন বলিয়া প্রায়শ অভিযোগ উত্থাপিত হয়। মোদ্দাকথা, আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রাপ্ত জামিন এখানে সমস্যা নহে। সমস্যা হইল অবৈধ লেনদেনের মাধ্যমে সংঘটিত জামিনের মধ্যে।
মাদক যেই কোনো মানুষের শারীরিক ও মানসিক কী ক্ষতি করে, তাহা নূতন করিয়া কহতব্য নহে। বিশেষত যুবসমাজ তথা দেশের কর্মক্ষম অংশের নেশার ছোবলে জীবনীশক্তি ক্ষয় দেশকে কেবল পশ্চাতেই টানিয়া ধরে না, ধ্বংসের দিকেও ঠেলিয়া দেয়। অতএব মাদকমুক্ত সমাজ গঠনের বিকল্প নাই। এই ক্ষেত্রে মাদক মামলার আসামির দ্রুত জামিন যেহেতু অন্যতম প্রতিবন্ধক হইয়া দাঁড়াইয়াছে, সেহেতু বিষয়টির ন্যায়সংগত সুরাহাও জরুরি।
আমরা মনে করি, এহেন পরিস্থিতি হইতে উত্তরণে মাদক মামলাগুলির তদন্ত নিখুঁত, তৎসহিত নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষ্য গ্রহণ ও বিচার সম্পন্ন করিতে হইবে। চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ীদের জামিন প্রতিরোধে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের আদালতে আরও দক্ষ ও আন্তরিক ভূমিকার কোনো বিকল্প নাই। সর্বোপরি শুধু পুলিশ দিয়া বা আইনি প্রক্রিয়ায় মাদক নির্মূল সম্ভব নহে– এই কথাও স্মরণে রাখিতে হইবে। মাদক ব্যবসা তো বটেই; মাদক সেবনের বিরুদ্ধেও পারিবারিক পর্যায়ে সচেতনতা ও নজরদারি এবং সামাজিক আন্দোলন গড়িয়া তোলা অত্যাবশ্যক।
- বিষয় :
- সম্পাদকীয়
- মাদক ব্যবসায়ী