রোহিঙ্গা সংকট
আইসিজের রায়ে কূটনীতি বাড়ানোর তাগিদ
এম হুমায়ুন কবির
এম হুমায়ুন কবির
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১০:৫২
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘদিনের আইনি ও নৈতিক লড়াইয়ে এক বড় অর্জন। এই রায়ের মাধ্যমে আদালত রোহিঙ্গাদের মিয়ানমারের বৈধ জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং তাদের ‘রোহিঙ্গা’ নামেই অভিহিত করেছেন। অথচ মিয়ানমার সরকার দীর্ঘদিন ধরে এ পরিচয় অস্বীকার করে আসছে এবং তাদের ভাষায় ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালিয়ে তাদের দেশছাড়া করেছে। এর অর্থ, আদালত রায়ের মধ্য দিয়ে সুনির্দিষ্টভাবে তাদের পরিচয়ের স্বীকৃতি দিয়েছেন। তবে আইনি এ বিজয়ের পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে– এই রায় বাস্তবায়নের পথ কতটা মসৃণ হবে? বাস্তবতা বলছে, এই রায় কার্যকর করার জন্য মিয়ানমারের সামনে এবং আঞ্চলিক রাজনীতিতে বহুমুখী চ্যালেঞ্জ বিদ্যমান, যেখানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং বিশ্বনেতাদের ভূমিকা জরুরি।
নিঃসন্দেহে আদালতের রায়ের একটা উল্লেখযোগ্য গুরুত্ব রয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে, কেবল রায় সবকিছু নিশ্চিত করবে না। বাস্তবায়নের জন্য পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করাই হলো আসল কাজ। এই বিবেচনা মাথায় রাখলে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতা এ রায় বাস্তবায়নের পথে বড় অন্তরায়। আন্তর্জাতিক আদালত যে জেনোসাইডের রায় দিয়েছেন, সেই অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই বর্তমানে মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে যারা ক্ষমতা দখল করেছেন এবং বর্তমানে নির্বাচনের নামে একটি ব্যবস্থা তৈরি করে ক্ষমতায় টিকে আছেন, তাদের পক্ষে নিজেদের বিরুদ্ধে যাওয়া এ রায় মেনে নেওয়া অত্যন্ত কঠিন। ফলে ক্ষমতাসীন গোষ্ঠীকে তাদের বিরুদ্ধে যায় এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, যা মোটেও সহজ নয়। কিন্তু এ রায় মেনে না নিলেও আন্তর্জাতিকভাবে তারা আরও কিছু গুরুতর সমস্যার মুখোমুখি হবেন। ফলে অনেক দিক থেকে সংকট রয়েছে।
এই রায় বাস্তবায়ন করতে গেলে তাদের নিজস্ব বাহিনীর সদস্যদের বিচারের মুখোমুখি করতে হবে, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও বৈধ জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বামার জনগোষ্ঠীর কাছেও বিষয়টি জান্তা সরকারের জন্য মুখ রক্ষা বা ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো এক সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। ফলে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়ার ভয়ে জান্তা সরকার এ রায় বাস্তবায়নে অনীহা দেখাতে পারে। এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়াসহ আন্তর্জাতিক নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক চাপ পড়লে মিয়ানমার বিষয়টি এড়াতে পারবে না।
রাখাইন প্রদেশের বর্তমান ভূ-রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। রাখাইনের অধিকাংশ এলাকা এখন আর মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেই; বরং তা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এ অবস্থায় মিয়ানমার সরকার যদি আন্তর্জাতিক চাপে পড়ে রায় বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়, তবুও মাঠ পর্যায়ে তা প্রয়োগ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কারণ রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসন প্রক্রিয়ায় আরাকান আর্মির ভূমিকা কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তাই সংকট সমাধানের পথ খুঁজতে হলে কেবল নেপিদোর ওপর নির্ভর না করে আরাকান আর্মিকে কীভাবে এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট করা যায়, তা নিয়ে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন করে ভাবতে হবে।
তবে মিয়ানমার যদি এ রায় বাস্তবায়ন না করে, তাদের জন্য অপেক্ষা করছে আরও কঠিন পরিণতি। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে মিয়ানমারের ওপর এ রায় মেনে চলা আইনত বাধ্যতামূলক। রায় অমান্য করলে আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবশিষ্ট ভাবমূর্তিও ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ হবে। তা ছাড়া ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্নভাবে দেশটির সুনাম ক্ষুণ্ন হয়েছে। গাম্বিয়ার সঙ্গে এ মামলায় যুক্ত থাকা ১১টি দেশ, ফ্রান্স এবং যুক্তরাজ্য বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিয়ে যাওয়ার বিষয়ে সরব। এ ছাড়া রাষ্ট্র হিসেবে মিয়ানমার দোষী সাব্যস্ত হওয়ায় দেশটিতে কর্মরত বিদেশি বিনিয়োগকারীরাও এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে এবং মিয়ানমার থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে। এমনকি দীর্ঘদিন ধরে মিয়ানমারকে সমর্থন দিয়ে আসা চীন ও রাশিয়ার পক্ষেও আন্তর্জাতিক এই বিরূপ পরিস্থিতিতে দেশটিকে আর কতদিন আগলে রাখা সম্ভব হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশের জন্য এই সংকট দীর্ঘায়িত হওয়া মানে অর্থনৈতিক ও সামাজিক চাপের বোঝা আরও ভারি হওয়া। রোহিঙ্গাদের ভরণপোষণের জন্য আন্তর্জাতিক তহবিল বা ফান্ড ক্রমেই সংকুচিত হয়ে আসছে। মধ্যবর্তী এ সময়ে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য নতুন করে বড় কোনো অনুদান আসার সম্ভাবনা ক্ষীণ। তবে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলে এবং রাখাইনে তাদের টেকসই বসবাসের পরিবেশ নিশ্চিত করার প্রশ্ন এলে উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক সম্প্রদায় আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে পারে।
এ ক্ষেত্রে বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় সম্পর্কটা দুই দেশের নেতারা কীভাবে দেখছেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কখনোই প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বৈরী সম্পর্ক চায় না। বরং মিয়ানমার যদি এ সংকটের দ্রুত সমাধানে এগিয়ে আসে, তবে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করে সামনের দিকে এগিয়ে যাওয়া উভয়ের জন্যই লাভজনক হবে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উচিত হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বন্ধু রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে একটি সুসমন্বিত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা। অনেকের মতে, এ ক্ষেত্রে বাংলাদেশ দ্বিপক্ষীয় লেনদেনগুলো কৌশল হিসেবেও দেখতে পারে, যাতে মিয়ানমারের ওপর কিছু অতিরিক্ত চাপ তৈরি হয়। সেই সঙ্গে আসিয়ানসহ প্রতিবেশী দেশগুলোর সমর্থন পাওয়াও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে মিয়ানমার বিষয়টি আন্তরিকভাবে সমাধানে গেলে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির দুর্নাম কিছুটা হলেও কমে আসবে।
আন্তর্জাতিক আদালতের রায় রোহিঙ্গাদের ন্যায্য অধিকারের পথ প্রশস্ত করলেও তা বাস্তবায়নের পথ মোটেও সহজ নয়। অভ্যন্তরীণ রাজনীতি ও রাখাইনের পরিবর্তিত পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করে মিয়ানমারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আন্তর্জাতিক আদালতের রায় মেনে নিয়ে টেকসই প্রত্যাবাসনের পথে হাঁটবে– এমনটাই প্রত্যাশা। এর মধ্য দিয়েই কেবল এ অঞ্চলে স্থায়ী শান্তি ফিরে আসতে পারে এবং বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি বিশেষ গোষ্ঠীর লাখ লাখ মানুষের পরিচয়, জীবনবোধ, সংগ্রাম যেভাবে মুছে ফেলার জন্য হত্যাকাণ্ড চালানো হয়েছে, এই রায় অন্তত সেই ভয়াবহ নির্যাতনের সত্যতা সামনে এনেছে। নিপীড়িত এ জনগোষ্ঠীর মুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক আদালতের এ রায়ের গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ।
এম হুমায়ুন কবির: যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত
- বিষয় :
- রোহিঙ্গা সংকট