নদীতীরে স্থাপনায় অননুমোদন
প্রয়োজনীয় সূচনা, পরম সমাধান নহে
সম্পাদকীয়
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ০৭:৩৮
| প্রিন্ট সংস্করণ
ঢাকার চতুষ্পার্শ্বের নদ-নদী সুরক্ষায় তীর হইতে ১০০ মিটারের মধ্যে নূতন অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। নদীর সীমানা হইতে এই দূরত্বের মধ্যে সরকারি-বেসরকারি স্থাপনা নির্মাণের নকশা অনুমোদন না দেওয়া; অনুমোদনহীন স্থাপনায় পানি ও বিদ্যুতের সংযোগ বন্ধ রাখা এবং রাজউকের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা নদী সুরক্ষায় ইতিবাচক উদ্যোগ। কিন্তু এই সিদ্ধান্তেই কি নদীর দূষণ হ্রাস করা সম্ভব? বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু– রাজধানীকে বেষ্টন করিয়া রাখা এই চারটি নদ-নদী দীর্ঘদিন ধরিয়া শিল্পবর্জ্য, পয়োবর্জ্য ও দখলের চাপে বিপর্যস্ত। বৃহত্তর ঢাকায় রাজউকের সীমানা ঘেঁষিয়া প্রবাহিত ধলেশ্বরী ও বংশী নদীর অবস্থাও উদ্বেগজনক। নদীর পানি দূষিত হইতেছে; স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হইতেছে; সংকুচিত হইতেছে নদীর পরিসর। ইহার মধ্যে বিশ্বব্যাংকের বরাতে সমকালে প্রকাশিত প্রতিবেদনমতে, ঢাকার বসতবাড়ির ৮০ শতাংশের অধিক অপরিশোধিত বর্জ্যপানি ও পয়োবর্জ্য ঢাকার নদী-খাল ও অন্যান্য জলাশয়ে পতিত হইতেছে।
এমন বাস্তবতায় নদীতীর হইতে ১০০ মিটারের মধ্যে নূতন স্থাপনা নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত সময়োপযোগী। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় লওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলিকে নির্দেশনা দেওয়াও গুরুত্বপূর্ণ। তবে নির্দেশনা জারিই নদী সুরক্ষার নিশ্চয়তা নহে। পূর্বেও নদীর সীমানা হইতে ৫০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণের বিধিনিষেধ ছিল। কিন্তু সেই বিধিনিষেধ যথাযথভাবে কার্যকর হয় নাই। বরং নিষিদ্ধ এলাকায় গড়িয়া উঠিয়াছে বহু স্থাপনা। এমনকি নদীর জায়গা দখল করিয়াও নির্মিত হইয়াছে অবকাঠামো। সেই সকল অবৈধ স্থাপনাই অপসারণ করা যায় নাই। প্রশ্ন হইতেছে, নূতন করিয়া সুরক্ষা বলয় নির্ধারণের পর পূর্বের স্থাপনাগুলির বিষয়ে সরকার কী করবে? নদীর জায়গা দখলে রাখিয়া নদী সুরক্ষার লক্ষ্য অর্জন সম্ভব নয়। নূতন দখল বন্ধ, তৎসহিত পুরাতন দখল উচ্ছেদে দৃশ্যমান অগ্রগতিই হইবে আশাপ্রদ। এই ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দিবার অবকাশ নাই।
নদী সুরক্ষায় আরেকটি মৌলিক দুর্বলতা হইল বিচ্ছিন্ন পরিকল্পনা ও খণ্ডিত উদ্যোগ। একটি নদীর সহিত অন্য নদী, খাল ও জলপ্রবাহের সংযোগ বিদ্যমান। এক নদীর দূষিত পানি অন্য নদীতে মিশিয়া দূষণ ছড়াইতেছে। কেবল নদীতীরবর্তী এলাকায় নির্মাণ নিয়ন্ত্রণ কিংবা কোনো একটি নদী পরিষ্কারে অভিযান পরিচালনা করিয়া কি স্থায়ী সমাধান সম্ভব? তাই ঢাকার চতুষ্পার্শ্বের নদ-নদীকে বিচ্ছিন্ন জলধারারূপে নহে, একটি সংযুক্ত নদীব্যবস্থা হিসাবে বিবেচনা করিতে হইবে। তজ্জন্য সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এই পরিকল্পনায় দখল উচ্ছেদ, তৎসহিত শিল্পবর্জ্য ও পয়োবর্জ্যের নির্গমন বন্ধ, বর্জ্য শোধন ও ব্যবস্থাপনা, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরাইয়া আনা এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করিতে হইবে।
দূষণের উৎস বন্ধ না করিয়া নদী পরিষ্কারে অর্থ ব্যয় করিলে তাহা হইবে ঘোটকের অগ্রভাগে শকট সংযোগ। নদীতীর হইতে ১০০ মিটারের মধ্যে নূতন স্থাপনা নির্মাণ বন্ধের সিদ্ধান্তকে আমরা নদী সুরক্ষায় প্রয়োজনীয় সূচনা হিসাবে দেখি; তাহা চূড়ান্ত সমাধান নহে। অতীতের ৫০ মিটারের বিধিনিষেধ কেন কার্যকর হয় নাই– সেই ব্যর্থতার পর্যালোচনা ব্যতীত নূতন সিদ্ধান্তের কার্যকারিতা নিশ্চিত করা দুরূহ।
নদী রক্ষায় শুধু নিষেধাজ্ঞা নহে, প্রয়োজন বিধিবিধানের কঠোর প্রয়োগ, দূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ ও সংস্থাগুলির জবাবদিহি। নদী রক্ষায় উহার তীর হইতে উৎস, প্রবাহ ও সংযোগ– সমগ্র ব্যবস্থাকেই রক্ষা করিতে হইবে।
- বিষয় :
- সম্পাদকীয়