ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

উচ্চারণের বিপরীতে

সহিংসতার ফাঁদ এড়াতে যা করণীয়

সহিংসতার ফাঁদ এড়াতে যা করণীয়
×
×

মাহবুব আজীজ

মাহবুব আজীজ

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ০৭:৪১ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ০৯:৫২

| প্রিন্ট সংস্করণ

নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার পরিবারগুলো মানবেতর জীবন কাটাচ্ছে। পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া সব পুড়ে গেছে। পুরুষ সদস্যরা এলাকাছাড়া। নারী সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সোমবার সমকালে প্রকাশিত সংবাদে এই চিত্র তুলে ধরে বলা হয়েছে, বেন্দারচরে কয়েকশ অস্ত্রধারী নাশকতা চালায়। এর আগে বুধবার কালিয়া উপজেলা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীর হামলায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও উপজেলা জাসাসের সোহেল রানা নিহত হন। হত্যার জেরে পাল্টা হামলার ঘটনা ঘটে। 

‘ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন’– এই ঘোষণা সামনে রেখে গোপালগঞ্জ, নড়াইলসহ দেশের অন্তত ১৭ জেলায় নাশকতার খবর পাওয়া গেছে। এসব জেলার কোনোটিতে বাসে, কোথাও রেললাইনে বা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। গোপালগঞ্জে থানা ও হাসপাতালেও হামলা চালানো হয়। পিরোজপুরে বাসে আগুনের ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা বাসচালকের সহকারী প্রাণ হারিয়েছেন। রাজধানীতেও ককটেলের বিস্ফোরণ ঘটেছে।

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর এসব হামলা ও  নাশকতায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান। এরই ধারাবাহিকতায় সংসদের ভেতর ও বাইরের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ সোমবার শুরু হয়েছে।

সহিংসতার পথ বেছে নেওয়া– আওয়ামী লীগের নেতাকর্মীর জন্য আরও একটি আত্মঘাতী সিদ্ধান্ত। খুন, হামলা কিংবা জ্বালাও-পোড়াও কখনোই সাধারণ মানুষের সমর্থন পায় না। বরং এতে অংশগ্রহণকারী রাজনৈতিক শক্তিকে ধ্বংসাত্মক ও প্রতিশোধপরায়ণ হিসেবে চিহ্নিত করা সহজ হয়। কর্তৃত্ববাদী ও নিপীড়নমূলক শাসনের দায়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তনের প্রত্যাশা করতে পারে; তবে তা হতে হবে আইনসিদ্ধ ও যুক্তিসম্মত পথে। সহিংসতা গণতান্ত্রিক রাজনীতির ভাষা নয়। আওয়ামী লীগ সেই ভুল পথে হেঁটে নিজেদের প্রভূত ক্ষতিই ডেকে নিয়ে আসছে।

সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গেলে সরকারকে বল প্রয়োগ করতে হয়। হতে পারে, আওয়ামী লীগ চাইছে, সরকার যাতে বল প্রয়োগ করে। এতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকারকে সমালোচনার শিকার হতে হবে। এটি স্বস্তিকর ও ইতিবাচক যে, সরকার সংযতভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে যাচ্ছে। যে কোনো উস্কানির মুখে বলপ্রয়োগের ঘটনা না ঘটলে নাশকতাকারীদের বিরুদ্ধেই জনমত গড়ে ওঠে। 

২.
চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। অগণতান্ত্রিক ও জবাবদিহিহীন শাসনের বিরুদ্ধে সব মতের মানুষের সম্মিলিত প্রতিবাদ ছিল চব্বিশের গণঅভ্যুত্থান। কোনো রাজনৈতিক দলই সেখানে প্রকাশ্যে নেতৃত্বে ছিল না। শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করলে সেখানে সব শ্রেণি-পেশা ও বয়স নির্বিশেষে মানুষের সম্মিলিত প্রতিবাদ যুক্ত হয়ে প্রবল শক্তি ধারণ করে। পতন হয় কর্তৃত্ববাদী সরকারের। কিন্তু এরপর গঠিত অন্তর্বর্তী সরকার বিভাজনের রাজনীতিকে প্রাধান্য দিয়ে ৩৩টি দলের সঙ্গে সংলাপ করে জাতীয় ঐকমত্য তৈরির উদ্যোগ নেয়। ৫৪টি নিবন্ধিত দলের মধ্যে কোন বিবেচনায় ৩৩টি দল নিয়ে জাতীয় ঐক্য সম্ভব? অপরাপর শ্রেণি, পেশা বা জেন্ডারনির্ভর অরাজনৈতিক সংগঠন কোন উপায়ে জাতীয় ঐকমত্যে নিজেদের প্রত্যাশা জানাবেন, তারও কোনো উপায় রাখেনি অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐকমত্য গঠনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপও কি একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে? সেখানেও ৩৩টি রাজনৈতিক দলই কেবল অংশ নেবে? প্রধানমন্ত্রী নির্বাচনের পরপর বলেছেন, যারা তার দলকে ভোট দেননি, তিনি তাদেরও প্রধানমন্ত্রী। 

জাতীয় ঐকমত্য তৈরিতে সব শ্রেণি-পেশা-জেন্ডারের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় অবশ্যই প্রয়োজনীয়। যে কোনো গণতান্ত্রিক আন্দোলন ও সমাজ বিনির্মাণে এ দেশে নারী অন্যতম প্রধান চালিকাশক্তি। নির্বাচনে অথবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ অনুল্লেখ্য হয়। প্রধানমন্ত্রী বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ নারী নেত্রীদের মনোভাব জেনে নিলে সিদ্ধান্ত গ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে।

দেশের সর্বশেষ চারটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচন– ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে বিএনপি ও আওয়ামী লীগ দুটি দল কমবেশি ৪০ শতাংশ করে ভোট পেয়েছিল। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে দল দুটি যূথবদ্ধ থেকে দেশকে গণতন্ত্রে উন্নীত করে। আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের দায় নেতৃত্বের; তৃণমূলের বিপুল নেতাকর্মী বিশেষত নিরীহ সমর্থকদের সম্পর্ক নেই। এসব বাস্তবতা বিবেচনায় না নিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবার সিদ্ধান্ত নেয়। এটি কতখানি যুক্তিসংগত ছিল, তা বর্তমান সরকারের অবশ্যই ভেবে দেখা প্রয়োজন। যে অনৈক্যের বীজ অন্তর্বর্তী সরকার দেশের সমাজ ও রাজনীতিতে বপন করে গেছে, তা পল্লবিত হয়েছে। বিভাজনের ক্ষত আরও গভীর হয়ে উঠবার আগেই বর্তমান সরকার বিশেষত প্রধানমন্ত্রীকে অভিভাবকসুলভ সিদ্ধান্ত নিতে হবে। তৃণমূলের যে মানুষটি জীবনে কখনও রাজধানীতে আসেননি; যিনি  দুর্নীতি অথবা সাদা টাকা-কালো টাকা বোঝেন না; নির্বাচনের সময় মার্কা বুঝে ভোট দিয়ে আসেন– তাদের রাজনীতির বাইরে ঠেলে দেওয়ার সিদ্ধান্ত বিভাজন বাড়ানো ছাড়া কিছু হতে পারে না। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সব মতের মানুষকে সমবেত করবার উদ্যোগ নিতে হবে।

৩.
অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘সামাজিক বিভাজন গ্রহণযোগ্য মাত্রায় নামাতে হলে বিপক্ষের যুক্তিও শুনতে হবে। সমাজকে হতে হবে যুক্তিবাদী। সবার মতামতকে মর্যাদা দিতে হবে’ (সমকাল, ২২ নভেম্বর, ২০২৬)। এই প্রাজ্ঞ কথনের বিপরীতে দেশের রাজনীতি সাধারণ মানুষের জীবনকে পরিচালনা করতে বরাবর তৎপর। আমাদের পক্ষের যুক্তিই কেবল গণতান্ত্রিক; অপরপক্ষ গণতন্ত্র বোঝে না– এই প্রচল ধারণার চর্চা সমাজকে অপরিপুষ্ট ও অবিকশিত করে রাখে। আওয়ামী লীগ সরকারের শেষ ১২ বছরের তিনটি নির্বাচনে সকলের মতামত অনুপস্থিত ছিল। চব্বিশের গণঅভ্যুত্থানে তার বড় প্রভাব রয়েছে।
চব্বিশের শক্তিগুলোর ঐক্য গঠনে বিগত সময়গুলোর ভুলকে বিবেচনায় নিতে হবে। আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে নিজেদের ভুল বা অপরাধের অনুশোচনা দেখা যায় না। এ নিয়ে যুক্তিসংগত অভিযোগ উত্থাপনের পাশাপাশি বলতে হয়, এ দেশে কোনো রাজনৈতিক দলই ভুল বা ত্রুটির ঊর্ধ্বে নয়। কেউই সে জন্য ক্ষমা চায়নি।

আমরা প্রত্যাশা করতে পারি, আগামী দিনে কোনো দল নিজেদের ভুল-ত্রুটি উপলব্ধি করে জনসাধারণের সামনে নতজানু হবে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য। যুক্তিবাদী সমাজে বিরুদ্ধমত যেমন বরণীয়, তেমনি বিভাজন দূর করবার জন্য সব মতের যথাযথ সম্মান প্রদান জরুরি। জোর করে নিজের মত চাপিয়ে দেওয়ার জন্যই যুক্তিহীন মানুষকে সহিংসতার আশ্রয় নিতে হয়। 

দেশের সাম্প্রতিক রাজনৈতিক নাশকতা অবশ্যই নির্বোধ রাজনৈতিক আচরণ। একে পুঁজি করে পরস্পরবিরোধী বিভিন্ন রাজনৈতিক শক্তি নিজেদের ফায়দা অর্জনে ব্যস্ত। হিংস্রতার মধ্য দিয়ে একপক্ষ চায় নিজেদের প্রভাব জানান দিতে; অপরপক্ষ সেই আগুনে নিজেদের প্রাপ্তি ছেঁকে নিতে চায়। এটিই সহিংসতার বড় ফাঁদ। বর্তমান গণতান্ত্রিক সরকারকে সহিংসতার ফাঁদ এড়িয়ে ভারসাম্যময় সমাজ গঠনে সব মত ও পথের মানুষকে সহাবস্থানে নিয়ে আসতে হবে। প্রত্যেক মানুষের নিজের কথা বলবার জায়গা এই রক্তে রাঙানো প্রিয় মাতৃভূমি। 

মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক
[email protected]

আরও পড়ুন

×