ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাষ্ট্রহীনতা

রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ

রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ
×
×

শশাঙ্ক সাদী

শশাঙ্ক সাদী

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ০৭:৩৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ০৯:৫৪

| প্রিন্ট সংস্করণ

২০১৭ সালে বাংলাদেশের কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের বয়স এখন ৯ বছর। ক্যাম্পই তাদের একমাত্র পরিচিত ঘর। তাদের সব স্মৃতিতে জড়িয়ে আছে গায়ে গায়ে লাগানো আশ্রয়ঘর, সরু উঁচুনিচু পথ, অস্থায়ী শিক্ষাকেন্দ্র, ভিড়ে ঠাসা স্বাস্থ্যকেন্দ্র, ক্যাম্প ইনচার্জ, জাতিসংঘ সংস্থা ও এনজিওগুলোর বড় বড় গাড়ি আর চারপাশের অনিশ্চিত পরিবেশ। স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে রাষ্ট্রের স্বীকৃতি অস্বীকার; বৈষম্যমূলক নাগরিকত্ব ব্যবস্থা এবং দশকের পর দশক ধরে চলা নিপীড়ন রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বাস্তুচ্যুতির পথ তৈরি করেছে। নির্বাসনকালে জন্ম নেওয়া শিশুরা এসবের উৎস নিজের চোখে দেখেনি, কিন্তু সেগুলোর পরিণতি ও প্রভাব উত্তরাধিকার হিসেবে বহন করছে। তাদের বাবা-মা যে গ্রাম বা শহর ছেড়ে এসেছেন; সন্তানরা তা চেনে কেবল গল্পে।

শিক্ষার ভবিষ্যৎ
ক্যাম্পগুলোর শিক্ষাকেন্দ্রে ২০২১ সালের নভেম্বরে পাইলট আকারে শুরু হওয়া ‘মিয়ানমার কারিকুলাম’ ছিল রোহিঙ্গা শিশুদের নিজ দেশের সঙ্গে সংগতিপূর্ণ এবং সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য প্রাসঙ্গিক শিক্ষার দিকে এগোনোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইউনিসেফের সেপ্টেম্বর ২০২৬ মানবিক পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী তিন লাখ দুই হাজার ৯০০ শিশু শিক্ষার সুযোগ পেয়েছে, যার মধ্যে দুই লাখ ৭৭ হাজার ২০০ জন মিয়ানমার কারিকুলামে ভর্তি। আরেকটি উল্লেখযোগ্য তথ্য, ২০১৭ সালে রোহিঙ্গা সাড়াদান শুরুর পর এই প্রথম ৪৫ জন শিক্ষার্থী মিয়ানমার কারিকুলামে দ্বাদশ শ্রেণি সম্পন্ন করেছে। এদের মধ্যে সাতজন উচ্চশিক্ষা শুরু করতে পেরেছে। কিন্তু আড়াই লাখের বেশি ভর্তির পাশে মাত্র ৪৫ জন উত্তীর্ণের সংখ্যা বড় কোনো অগ্রগতি দেখায় না। তা ছাড়া ৫-১৭ বছর বয়সী দেড় লক্ষাধিক রোহিঙ্গা শিশু (প্রায় ৩৩ শতাংশ) এডুকেশন সেক্টরের সহায়তাপ্রাপ্ত শিখন সুযোগের বাইরে রয়ে গেছে। অন্যদিকে মিয়ানমার কারিকুলামের মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ আর আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষাব্যবস্থায় প্রবেশাধিকার এক কথা নয়। জেন্ডার অ্যান্ড অ্যাডোলেসেন্স: গ্লোবাল এভিডেন্স (গেইজ) কর্মসূচির ২০২৪ সালের একটি মূল্যায়নে বলা হয়েছিল, মিয়ানমার কারিকুলামে অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) পাবে বলে আশা করা হচ্ছে না; তারা শুধু একটি রিপোর্ট কার্ড পাবে। 

ক্যাম্প জীবনে সুরক্ষা
শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য মানবিক সহায়তা অংশীদাররা ক্যাম্পগুলোতে কেস ম্যানেজমেন্ট, মনোসামাজিক সহায়তা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, পরিবার খুঁজে বের করা এবং রেফারেলের মতো অপরিহার্য সেবা দিচ্ছে। কিন্তু এ ‘জরুরি সেবা’ নিজে থেকে একটি সুরক্ষামূলক পরিবেশ তৈরি করতে পারে না। ঘনবসতি, নিরাপত্তাহীনতা, চলাচলে বিধিনিষেধ, কিশোর-কিশোরীদের সীমিত সুযোগ, ক্যাম্পে আন্তঃগ্রুপ সংঘাত, মাদক ব্যবসায়ীদের অবাধ যাতায়াত এবং সহায়তার ওপর নির্ভরশীলতা, এসব মিলিয়ে শিশুদের ওপর তৈরি হয়েছে অনেক কাঠামো ও অকাঠামোগত ঝুঁকি। ইউনিসেফের সেপ্টেম্বর ২০২৬ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে দুই হাজার ২৩৩টি গুরুতর লঙ্ঘনের তথ্য নথিভুক্ত হয়েছে, যা দুই হাজার ৬১৬ শিশুকে প্রভাবিত করেছে; এর মধ্যে আছে সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ ও ব্যবহার, অপহরণ এবং যৌন সহিংসতা। তাৎক্ষণিক ক্ষতি থেকে কিশোর-কিশোরীদের সুরক্ষার জন্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আরও বেশি কিছু কর্মকাণ্ড দরকার। ক্যাম্পের শিশুদের প্রয়োজন প্রাপ্তবয়স্ক জীবনের দিকে যাওয়ার বিশ্বাসযোগ্য একটি পথের স্বপ্ন দেখার উপযুক্ত পরিবেশ। মেয়ে ও প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হয়। 

মাতৃভূমিতে ফেরার অধিকার
রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ শুধু বাস্তুচ্যুতির ভালো ব্যবস্থাপনার মাধ্যমে নিশ্চিত করা যাবে না। যে কোনো টেকসই সমাধান পরিকল্পনায় তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকারকে একেবারে কেন্দ্রে রাখতে হবে। তবে সেই প্রত্যাবর্তন হতে হবে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই। 
এই প্রেক্ষাপটে ১৯ নভেম্বর ২০২৬ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় একটি ঐতিহাসিক মোড়। আদালত নিরাপদ প্রত্যাবর্তনসহ প্রতিকার (রেস্টিটিউশন), পুনর্বাসন ও বৈষম্য থেকে সুরক্ষার নির্দেশ দিয়েছেন; ক্ষতিপূরণ নির্ধারিত হবে পরে, আর মিয়ানমারকে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে। তবে আদালত সব রোহিঙ্গাকে নাগরিকত্ব দেওয়ার নির্দেশ দেননি। ফলে রাষ্ট্রহীনতার প্রশ্ন রায়ের পরও অমীমাংসিত। 

নাগরিকত্বের বিশ্বাসযোগ্য পথ, পরিচয়ের স্বীকৃতি, চলাফেরার স্বাধীনতা, বৈষম্য থেকে সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকায় প্রবেশাধিকার এবং ঘরবাড়ি ও সম্পত্তি ফেরত পাওয়ার সুযোগ– এগুলো ফেরার জন্য প্রণোদনা নয়, টেকসই প্রত্যাবাসনই পূর্বশর্ত। 

বাস্তুচ্যুতির ব্যাসার্ধ
বাংলাদেশ ২০১৭ সাল থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার গুরুদায়িত্ব বহন করে চলেছে এবং এর জন্য সব ধরনের স্বীকৃতি ও চলমান সহায়তা পাওয়ার দাবিদার। কিন্তু এই বোঝা বছরের পর বছর একা বাংলাদেশের কাঁধে থাকতে পারে না। ২০২৫-২৬ সালের যৌথ সহায়তা পরিকল্পনার (জেআরপি) অংশ হিসেবে ২০২৬ সালে ৭১০.৫ মিলিয়ন ডলার চাওয়া হয়েছে, যা ২০২৫ সালের আবেদনের চেয়ে প্রায় ২৬ শতাংশ কম। রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশ একা পড়ে যাওয়ার বদলে বিশ্বের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়ার অধিকার রাখে। মিয়ানমারকে রোহিঙ্গাদের রাষ্ট্রহীন করার সব প্রক্রিয়া বন্ধ করতে হবে; জাতিসংঘ ও তার সদস্য রাষ্ট্রগুলোর সব ঘোষণাকে পরিষ্কার মানদণ্ড এবং টেকসই ফলাফলে রূপ দিতে হবে; মানবিক সহায়তা সংস্থাগুলোর সেবাকে অধিকারভিত্তিক ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে হবে। 

আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরে এখন বলার সময় হয়েছে যে রোহিঙ্গাবিষয়ক অনির্দিষ্ট সংকট সামলানো যথেষ্ট হয়েছে। এখনই সময় রোহিঙ্গাদের অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ ফিরিয়ে দেওয়া এবং দ্রুততম সময়ে তাদের ও তাদের শিশুদের জন্য একটি নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনকে বাস্তব করতে টেকসই আন্তর্জাতিক পদক্ষেপ সংগঠিত করা।

শশাঙ্ক সাদী: লেখক ও উন্নয়ন বিশ্লেষক

আরও পড়ুন

×