আন্তর্জাতিক
ট্রাম্প-পুতিন জোটে হুমকির মুখে ইউরোপ
স্টিভ ব্লুমফিল্ড
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ০৭:৩৭
| প্রিন্ট সংস্করণ
তালিনের একটি পাহাড়ের ওপর অবস্থিত এস্তোনিয়ার প্রধানমন্ত্রীর নিওক্লাসিক্যাল কার্যালয় স্টেনবক হাউসের সামনে একটি ফলক আছে, যেখানে রয়েছে ১০ জন সরকারপ্রধানের হত্যাকাণ্ডের স্মৃতি। ১৯৪০ সালে সোভিয়েত ইউনিয়ন এস্তোনিয়া আক্রমণ করার পর সোভিয়েত বাহিনীর হাতে তারা নিহত হয়েছিলেন। ৫১ বছর ধরে এস্তোনিয়া তার সাম্রাজ্যবাদী প্রতিবেশীর দখলে ছিল; আর ৩৫ বছর ধরে দেশটি স্বাধীন। স্টেনবক হাউসে কর্মরত রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের কাছে এই ফলকটি মনে করিয়ে দেয়– তাদের আকারের চেয়ে ১০০ গুণ একটি প্রতিবেশীর কাছ থেকে এই ছোট্ট বাল্টিক রাষ্ট্র (জনসংখ্যা ১৪ লাখ) ঝুঁকির মুখে রয়েছে।
অবশ্য তাদের আলাদাভাবে তা মনে করিয়ে দেওয়ার দরকার নেই। এক দশক ধরে দেশটির রাজনীতিতে হস্তক্ষেপ, এস্তোনিয়ার রুশভাষী সংখ্যালঘুদের লক্ষ্য করে অপপ্রচার এবং একের পর এক সাইবার ও হাইব্রিড হামলা চালানো হয়েছে; যার সর্বশেষ দৃষ্টান্ত ছিল গত শনিবার এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা কোম্পানিতে অগ্নিসংযোগের চেষ্টা।
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাহকনা তালিন থেকে ফোনে আমাকে বলেন, ‘এর লক্ষ্য আমাদের সমাজে ভয় সৃষ্টি করা।’ তাঁর মতে, এস্তোনিয়ার স্বাধীনতা রক্ষার একমাত্র অবলম্বন হলো ইউরোপীয় ইউনিয়ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ন্যাটোর সদস্যপদ। তিনি বলেন, ‘ন্যাটোর সদস্যপদ না থাকলে আমরা এই আলাপ করতেই পারতাম না। এস্তোনিয়া ১০০ শতাংশ দখল হয়ে যেত।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন চালানোর অনেক আগে থেকেই ভ্লাদিমির পুতিন যুক্তি দিচ্ছিলেন, মধ্য ও পূর্ব ইউরোপের সাবেক সোভিয়েত বা ওয়ারশ প্যাক্টভুক্ত রাষ্ট্রগুলোর ন্যাটোতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত একটি আগ্রাসী পদক্ষেপ। এই যুক্তি ওই দেশগুলোর সার্বভৌমত্বকে পদদলিত এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা বেছে নেওয়ার মৌলিক অধিকার থেকে তাদের বঞ্চিত করে। যেসব দেশ অতীতে মস্কোর হাতে আক্রান্ত, দখলকৃত বা নিয়ন্ত্রিত হয়েছে, তারা সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে সুরক্ষা চায়।
সাম্প্রতিক সময় পর্যন্ত পুতিন মূলধারার পশ্চিমা রাজনীতিবিদদের কাছ থেকে তেমন পাত্তা পাননি। কিন্তু ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে পুতিন শীর্ষ পর্যায়ে একজন মূল্যবান মিত্র পেয়েছেন। এই সপ্তাহে শেনজেনে এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে দেখা হতেই ট্রাম্প উচ্ছ্বাসভরে বলে ওঠেন, ‘এ আমার বন্ধু!’
ট্রাম্প ও পুতিন ইউরোপকে নিয়ে একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন। এটি এককালের মহান খ্রিষ্টীয় সভ্যতার অংশ, যা অভিবাসন; বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে আসা অভিবাসনের ফলে নিজেকে ধ্বংস করেছে। তারা এই বিপজ্জনক বিশ্বাসেও একমত যে, পরাশক্তিগুলোর এবং তারা দুজনেই নিজেদের পরাশক্তি মনে করেন– নিজেদের ‘প্রাঙ্গণ’ নিয়ন্ত্রণের অধিকার থাকা উচিত। ট্রাম্পের কাছে এর অর্থ হলো, পশ্চিম গোলার্ধ তাঁর। আর পুতিনের কাছে এর অর্থ হলো, মধ্য ও পূর্ব ইউরোপে পশ্চিমাদের হস্তক্ষেপ করা উচিত নয়। শি জিনপিংকে পাশে নিয়ে শেনজেনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন এবং দুই নেতার মধ্যকার আন্তরিক সখ্য আংশিকভাবে এই ধারণাকেই পাকাপোক্ত করার লক্ষ্যে ছিল।
ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তাঁর সাবেক আবাসন ব্যবসায়ী বন্ধু স্টিভ উইটকফের নেতৃত্বে থেমে থেমে চলমান শান্তি আলোচনায় পুতিন আলোচনাকে কেবল ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ না রেখে গোটা ইউরোপ পর্যন্ত বিস্তৃত করার ধারণা সামনে এনেছেন। পুতিন আরও দাবি করেছেন, ব্রিটেন ও ফ্রান্সকে অন্যান্য ইউরোপীয় দেশ রক্ষায় তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার অঙ্গীকার করতে হবে।
ট্রাম্প-পুতিন জোট ইউরোপের ভবিষ্যতের জন্য হুমকি, যার একটি বড় কারণ হলো, কিছু ইউরোপীয় রাজনীতিবিদ এটিকে স্বাগত জানাচ্ছেন। আগামী তিন বছরে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় চারটি দেশ– যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালিতে কট্টর ডানপন্থি দলগুলো ক্ষমতায় আসতে পারে অথবা অন্তত শাসক জোটে যোগ দিতে পারে। এই চারটি দলের নেতাদের সবাই হয় পুতিনের প্রতি প্রকাশ্যে সহানুভূতিশীল, নয়তো অন্তত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচক।
স্টিভ ব্লুমফিল্ড: দ্য গার্ডিয়ানের আন্তর্জাতিক বিষয়ক ভাষ্যকার; দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপিত
ভাষান্তর ইফতেখারুল ইসলাম
- বিষয় :
- আন্তর্জাতিক