করোনা বিষয়ে সচেতনতায় দরকার জাতীয় ঐক্য: মওদুদ আহমদ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ১০:৪১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকার কি করে, না করে সেটা বড় কথা নয়। জনগণকে সচেতন করার জন্যে আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন। দলমত নির্বিশেষ সবাইকে কর্মসূচি গ্রহণ করতে হবে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে করোনাভাইরাস:বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিস্থিতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব বলেন।
মওদুদ আহমদ বলেন, সভা-সমাবেশ পরিহার করুন। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সমুহ বন্ধ করা উচিত। কারণ কেউ বলতে পারে না, এই ঝুঁকি কেউ নিতে পারে না, সরকারের উচিত হবে না এই ঝুঁকি নেওয়া। যত রকমের সর্তকতা অবলম্বন করা যায়, তত রকমের সর্তকতা অবলম্বন করতে হবে।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় সরঞ্জামাদি দেশে নেই দাবি করে তিনি বলেন, এ ব্যাপারে সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহন করছে না।
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান বলেন, মুজিববর্ষ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে। মুজিববর্ষ যদি জাতীয় অনুষ্ঠান হয়ে থাকে তাহলে সেই অনুষ্ঠানে খালেদা জিয়া থাকতে পারতেন। যত মুক্তিযোদ্ধা আছেন তারা থাকতে পারতেন। বিএনপিসহ বিরোধী দলীয় নেতা যারা জেলে আছেন, তারা থাকতে পারতেন। তার একটারও ব্যবস্থা করবে না এই সরকার।
করোনা ভাইরাস প্রসঙ্গে মান্না দাবি করেন, সরকার ডেঙ্গু থেকে আমাদের রক্ষা করতে পারেনি। করোনা থেকেও আমাদের রক্ষা করতে পারবে না।
সংগঠনের সভাপতি মেহেদি হাসান পলাশের সভাপতিত্বে জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আ ন হ এহছানুল হক মিলন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
