ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘বাংলাদেশ ছাত্রপক্ষ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

‘বাংলাদেশ ছাত্রপক্ষ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৩ | ১৬:১৪ | আপডেট: ১৬ জুন ২০২৩ | ১৬:১৬

‘বাংলাদেশ ছাত্রপক্ষ’ নামে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে সংগঠনটির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি  ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে শিক্ষার্থীদের এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত সাবেক ছাত্রনেতা ও সংগঠনটির অন্যতম উপদেষ্টা নাসির আব্দুল্লাহর সূচনা বক্তব্য এবং দলের নবঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝরের পরিচালনায় নতুন ছাত্র সংগঠন করার প্রেক্ষিত, উদ্যোক্তাদের রাজনৈতিক পরিচয়, সখ্যতা ও সংঘবদ্ধতার ইতিহাস, দলের লক্ষ্য ও ছয় দফা কর্মসূচি তুলে ধরে বক্তব্য দেন প্রধান উদ্যোক্তা ও নবঘোষিত আহবায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ প্রিন্স। তিনি চীনের জিয়াংশুতে অবস্থিত ইয়াংচ্যাং বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের ছাত্র। নতুন এই ছাত্র সংগঠনের বেশিরভাগ সদস্য ২০১৮ সালে ‘নিরাপদ সড়ক আন্দোলন’ ও ‘কোটা সংস্কার আন্দোলনে’ সম্পৃক্ত ছিলেন। 

ঘোষণাপত্রে নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম কিশোর সংগঠক মোহাম্মদ প্রিন্স বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে ব্যাপক ভিত্তিক পরামর্শ ও গবেষণার প্রেক্ষিতে ছাত্রসমাজের মূল সংকট হিসেবে রাজনৈতিক অসচেতনতাকে চিহ্নিত করেছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংকট হিসেবে চিহ্নিত করেছি স্বপ্নহীন শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রের অকার্যকর নাগরিকের আঁতুড়ঘরে পরিণত হওয়া। তাই স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত তিন মূলনীতি- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আলোকে শিক্ষার্থীদেরকে রাজনীতি সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য।’

ঘোষণাপত্র পাঠ শেষে দলের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রপক্ষ’র অন্যতম উপদেষ্টা সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আলী নাসের খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন ছাত্র সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্য ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আব্দুল হক এবং ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। 

আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়-৭১ চত্ত্বরে এসে সেটি শেষ হয়।

/ওয়াইএ/

আরও পড়ুন

×