মিটফোর্ডের ব্যবসায়ীকে হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫ | ০২:০৪
মিটফোর্ডে লাল চাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
শুক্রবার রাত ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাস চত্বর পার্শ্ব রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ ছাড়াও ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্র অধিকার পরিষদের ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভে ছাত্রদলের নেতা-কর্মীরা ‘আমাদের অধিকার, নিরাপদ বাংলাদেশ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘বিচার-বিচার, বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে’সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে উল্লাস করা হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল তার প্রতিবাদ জানাচ্ছি। শিগগিরই সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। যদি বিচার নিশ্চিত না করা হয়, ছাত্রদল এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এ সময় ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহ-সভাপতি নাসির উদ্দীন শাওন, আনিসুর রহমান অনিক, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঈয়া ইমন প্রমুখ।
এ ছাড়া দেশব্যাপী চলমান সব প্রকার ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা ও ঢাকা মিডফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা, ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র এবি জুবায়েরসহ শিক্ষার্থীরা।
