তৃণমূল নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে: নুরুদ্দিন আহাম্মেদ অপু
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ২৩:০২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, দলের মধ্যে কোনো বিভেদ নেই, অনৈক্য নেই। তৃণমূলের নেতাকর্মীদের সেটা প্রমাণে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ শরীয়তপুর জেলাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নেতাকর্মীদের সাথে এই মতবিনিময় সভা করেন অপু।
শুভেচ্ছা বক্তব্যে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ ছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন ঘটে। গুম-খুন, অত্যাচার-নির্যাতন, ত্যাগ-তিতীক্ষার বিনিময়ে বাংলাদেশের মানুষ আজ স্বৈরাচারমুক্ত। মহান রাব্বুল আল আমিন স্বৈরাচারী শেখ হাসিনাকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছেন।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। আপনারা কেউ মানুষের মনে কষ্ট দেবেন না। দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না। আমরা প্রমাণ করে দেব, শরীয়তপুর বিএনপির ঘাঁটি। শরীয়তপুর থেকেই আমরা শুরু করতে চাই-বিএনপির তৃণমূলে কোনো বিভেদ নেই, সবাই এক। এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, সাবেক সচিব ফারুক আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর মনিরুজ্জামান তালুকদার, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুসহ জেলা বিএনপি, গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং ব্যাংকার, সাবেক আমলা, সাবেক সেনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ঢাকাস্থ শরীয়তপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- তৃণমূল
- বিএনপি নেতা
