ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বুধবার বিভাগীয় শহরে, বৃহস্পতিবার রাজধানীতে শিবিরের বিক্ষোভ

বুধবার বিভাগীয় শহরে, বৃহস্পতিবার রাজধানীতে শিবিরের বিক্ষোভ
×

ইসলামী ছাত্রশিবিরের লোগো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ০১:৫৮

সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভ করবে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার (১২ নভেম্বর) বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সংগঠনটি।

মঙ্গলবার বিবৃতিতে এই কর্মসূচি এ ঘোষণা করেন শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

শিবির সভাপতি বিবৃতিতে বলেছেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, ক্ষমতার অপব্যবহার রোধ, স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক কাঠামো গঠন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, বৈষম্যহীন ও সম্প্রীতির নতুন বাংলাদেশ বিনির্মাণ। এ অভিযাত্রায় জুলাই সনদ একটি অপরিহার্য। কিন্তু সরকার সনদের আইনি ভিত্তি না দিয়ে সময়ক্ষেপণ করছে। কার ইশারা ও এজেন্ডা বাস্তবায়নে সরকার এমন করছে, তা বোধগম্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, গণহত্যার বিচারে ধীরগতি ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার সুযোগে আওয়ামী লীগ অতীতের মতো বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। গুম ও গণহত্যার প্রবর্তক নিষিদ্ধ এই দলটি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা শুরু করেছে।

জুলাই গণহত্যার মামলায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করবেন। এর প্রতিবাদে আওয়ামী লীগ সেদিন ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে গত দুই দিনে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। দুর্বৃত্তরা বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দিয়েছে।

এ পরিস্থিতিতে শিবির জুলাই সনদের বাস্তবায়ন এবং আওয়ামী লীগের দ্রুত বিচারের দাবিতে পাল্টা কর্মসূচি ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন

×