ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাসিনা সরকারের বাধা ও ভয়ভীতি উপেক্ষা করেও দেশ ত্যাগ করেননি খালেদা জিয়া: রিজভী

হাসিনা সরকারের বাধা ও ভয়ভীতি উপেক্ষা করেও দেশ ত্যাগ করেননি খালেদা জিয়া: রিজভী
×

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ১৬:৪৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ১৭:০৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘হাসিনা সরকারের শত বাধা ও ভয়ভীতি সবকিছু উপেক্ষা করেও দেশ ত্যাগ করেননি বেগম খালেদা জিয়া।’

শনিবার দুপুর ১২টার দিকে হাটহাজারী উপজেলার মীর বাড়িতে অনুষ্ঠিত জুলাই আগস্টে চট্টগ্রামে আহত ও শহীদ পরিবারদেরকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে হতাহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারকে মানবিক সহায়তার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে চট্টগ্রামে জুলাই আন্দোলনে শহীদ ৭ পরিবারসহ হতাহতদের মানবিক সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন— বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা। সেই কারণে অতীতে তাকে ‘দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার’ সব রকম চেষ্টা হয়েছে। অনেকে বলেন, জেলখানায় তার খাবারে ‘বিষ মেশানো হয়েছিল’। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে নিজের, ছেলে ও পরিবারের স্বার্থে ক্ষমতা ভোগ করেছেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি, গুম, খুনের, হামলা মামলার পরও যখনই মিছিল, বিক্ষোভ সমাবেশ করতে মীর হেলালকে ফোন করেছি তখনই সে রিসিভ করে শত বাধা বিপত্তির পরও হাটহাজারী এবং চট্টগ্রামে আন্দোলন এবং বিক্ষোভ মিছিল করেছেন।’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, ‘হাসিনা তো কোনো জমিদারের মেয়ে না, তার যে ৮৩২ ভরি স্বর্ণলাংকার থাকে। জমিদার হলেও তো তার এতো ভরি স্বর্ণলাংকার থাকার কথা না। তার বাড়ি গোপালগঞ্জ এবং সে কেমন তা সবাই জানে। দেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুটপাট করে স্বর্ণালংকার এবং পুর্বাচলে প্লট নিয়েছেন।’

রিজভী বলেন, ওই সময়ে ‘স্বর্ণ কিনে মজুদ করা’ ও ‘লোকজন দিয়ে ব্যাংক লুট করে টাকা পাচার করানো’— এমন নানা অনিয়মের মাধ্যমেই দেশ পরিচালিত হয়েছে। সব ছেড়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, তবে জমানো স্বর্ণ নিয়ে যেতে পারেননি।

আরও পড়ুন

×