স্বৈরাচার হওয়ার প্রবণতা সরকারের সংস্কার লাগবে: নাহিদ ইসলাম
জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই এখনও শেষ হয় নাই’ শীর্ষক প্রদর্শনীতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ২২:৪১
তারেক রহমানের সরকারের মধ্যেও স্বৈরাচার হওয়ার প্রবণতা রয়েছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিরোধীদলীয় চিফ হুইপ বলেছেন, যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে। তাদের ভেতর সেই প্রবণতা আছে। সংস্কারের দাবি পূরণ না করলে তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না।
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন প্রাঙ্গণে জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই এখনও শেষ হয় নাই’ শীর্ষক প্রদর্শনীতে গিয়ে এসব বলেছেন নাহিদ ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জ্যেষ্ঠ নেতারা।
নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের দুর্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। অথচ ছাত্রনেতাসহ নির্বাচিত ছাত্র সংসদ, ছাত্রশিবির, ছাত্রশক্তি থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন শক্তিকে ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না। আক্রমণ করছে নির্বিচারে।
প্রদর্শনী ঘুরে নাহিদ বলেন, গণঅভ্যুত্থান সম্পর্কিত চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী দেখেছি। আসলেই ‘জুলাই এখনও শেষ হয় নাই’। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার। তাই মানুষ গণভোটে ‘হ্যাঁ’ বলেছে। সেই ‘হ্যাঁ’ ভোট চুরি করেছে সরকার। তাই লড়াইটা এখনও রয়ে গেছে। চিত্র প্রদর্শনীর বার্তাটা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানকে যদি ধরে রাখতে চাই, তাহলে রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে।
বিএনপির সমালোচনা করে নাহিদ বলেছেন, এখনই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃতি করে দলীয়করণ শুরু হয়েছে; যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণের চেষ্টা করেছে। ৫ আগস্ট বিভিন্ন জায়গায় বিএনপি জুলাইযোদ্ধাদের ওপর হামলা করেছে।
পতিত স্বৈরাচারী শক্তিকে প্রতিরোধের প্রশ্নে জাতীয় ঐক্য বজায় চান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ায় সরকার শক্ত ভাষায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করলেও, আসল কাজ করছে না। ভারতীয় হাইকমিশনারকে ডেকে কঠোর ভাষায় নিন্দা জানানো উচিত ছিল।
আয়োজনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, নির্বাহী পরিষদ নুরুল ইসলাম বুলবুল এমপি, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, ডা. মাহমুদা আলম মিতু এমপি প্রমুখ।
- বিষয় :
- জাতীয় নাগরিক পার্টি
- এনসিপি
- নাহিদ ইসলাম